ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ের লোকাল ট্রেনে। প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে লাইনে পড়ে গেলেন একাধিক যাত্রী। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৩ জন। ইতিমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি ছড়িয়ে পড়ে।মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের দিভা এবং কোপার রেল স্টেশনের মাঝের ঘটনা।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেল শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক অনুমান ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণেই এই ঘটনা ঘটেছে। বলে রাখা প্রয়োজন, প্রত্যেকদিন মুম্বই লোকালে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। একেবারে বাদুড় ঝোলা ভিড় থাকে। কোনও রকমে ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতেই যাত্রীদের যাত্রা করতে হয়। রেল সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসের দিকে যাওয়া একটি লোকাল ট্রেন থেকে হঠাৎ করেই ১০ থেকে ১২ জন যাত্রী একেবারে লাইনের উপর পড়ে যান। সংবাদসংস্থাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সপ্তাহের প্রথম দিন। ফলে ট্রেনে তিল ধারনের জায়গা ছিল না। পরিস্থিতি এমন ছিল যে ট্রেনে হাতল ধরার মতো অবস্থাও ছিল না। এর মধ্যেই হঠাৎ করে দরজার সামনে থাকা বেশ কয়েকজন পড়ে যান বলে জানান ওই প্রত্যক্ষদর্শী।
সেন্ট্রাল রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই দুর্ঘটনা সকাল সাড়ে ৯ টা থেকে ৯ টা ৫০ মিনিটের মধ্যে ঘটেছে। মৃত পাঁচজনের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। পরিচয় এখনও জানা যায়নি। তা নিশ্চিত করার চেষ্টা চলছে। অন্যদিকে ভয়াবহ এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে রেল। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, রেলবোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে সেন্ট্রাল রেলওয়ের সমস্ত লোকাল ট্রেনে স্বয়ংক্রিয় দরজা থাকবে। সেই মতো রেকগুলিকে ডিজাইন করা হবে বলেও জানানো হয়েছে।
