ফোনে কথা বলার সময় অন রাখেন ইন্টারনেট? সম্প্রতি সরকারের তরফে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে, যা মোবাইল ব্যবহারকারীদের উদ্বেগ বাড়াতে পারে। ওই সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম কোর্ডিনেশন সেন্টারের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘সাইবার দোস্ত’ থেকে করা হয়েছে। যেখানে বলা হচ্ছে ইন্টারনেট অন রেখে আপনি যদি ফোনে কথা বলেন তাহলে ব্যবহৃত মোবাইল ফোন কিন্তু আপনার বক্তব্য শুনতে পারে।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! ‘সাইবার দোস্তে’ এক পুলিশ আধিকারিকের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে গ্রাহকদের সাবধান করে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ফোন কল চলাকালীন ইন্টারনেট যদি চালু থাকে তাহলে ইউজারদের হাতে থাকা মোবাইল ফোন সমস্ত কথোপকথন শুনতে পাবে। এক্ষেত্রে গুগল ক্রোমের সেটিংসে নেভিগেট করার পরামর্শ দিচ্ছেন ওই আধিকারিক।
তিনি জানাচ্ছেন, ফোনে থাকা অ্যাপগুলির কোনটিতে মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যাক্সেস আছে তা পরীক্ষা করতে হবে। আর তা গুগল ক্রোমের সেটিংসে নেভিগেট করে করা সম্ভব বলে জানানো হয়েছে।
কিন্তু এই প্রক্রিয়া কি খুব সহজ? কীভাবে করবেন এই কাজ?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সবার আগে Google Chrome ওপেন করতে হবে। এরপর ‘থ্রি ডট’ মেনু অপশনে যেতে হবে। সেখানে সেটিংস সিলেক্ট করতে হবে ও নীচে স্ক্রল করতে হবে। আর সেখানেই Site Settings বলে একটি অপশন পাওয়া যাবে। আর সেটিকে ট্যাপ করতে হবে। আর সেখানেই দেখা যাবে ফোনে থাকা কোন অ্যাপগুলিকে মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থানের অ্যাক্সেস দেওয়া হয়েছে। যা প্রতিনিয়ত সমস্ত কিছু আপনার ট্র্যাক করছে।
আরও একটি পদ্ধতি আছে। এক্ষেত্রে কোন অ্যাপে মাইক্রোফন অ্যাক্সেস দেওয়া হয়েছে তা জানতে ফোনে সেটিংস মেনুতে যেতে হবে। সেখানে থাকা প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবং সেখান থেকে পারমিশন সিলেক্ট করতে হবে। আর সঙ্গে সঙ্গে কোন অ্যাপগুলিকে মাইক্রোফোন বা ক্যামেরা অ্যাক্সেস দেওয়া হয়েছে তা ভেসে উঠবে। আর এরপরেই সেটিংস পরিবর্তন করে দ্রুত মাইক্রোফোন-ক্যামেরা অ্যাক্সেস ব্লক করা যাবে।
