সুদীপ্ত চট্টোপাধ্যায়
এসএসসি চাকরির নয়া বিজ্ঞপ্তির পর এবার নতুন ওবিসি তালিকা। নয়া ওবিসি তালিকার সিদ্ধান্ত এবার হাইকোর্টের দরজায়।
রাজ্য মন্ত্রিসভা অনুমোদিত ১৪০ সম্প্রদায়ের নয়া ওবিসি তালিকা নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের নয়া ওবিসি তালিকার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়। আবেদন গ্রহণ করে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা হাইকোর্ট নির্দেশিত ৬৪ টি সম্প্রদায়ের সঙ্গে আরও ৭৬ টি নতুন সম্প্রদায়কে যুক্ত করে মোট ১৪০টি সম্প্রদায়কে নিয়ে নতুন ওবিসি তালিকা তৈরির সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা অনুমোদিত এই ওবিসি তালিকা রিপোর্ট আকারে রাজ্য বিধানসভায় পেশ করা হয় এবং তা নিয়ে আলোচনা হয় বিধানসভার অধিবেশনে। এমতাবস্থায় রাজ্য সরকারের এই নয়া ওবিসি তালিকা হাইকোর্টের রায় পরিপন্থী বলে উল্লেখ করে হাইকোর্টের নির্দিষ্ট ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করঅ হয়। আবেদনে উল্লেখ করা হয়েছে যে ১৪০টি সম্প্রদায়ের কথা উল্লেখ করে এই নয়া ওবিসি তালিকা তৈরি হয়েছে তা ত্রুটিপূর্ণ। হাইকোর্ট যেভাবে সমীক্ষা করে নতুনভাবে ওবিসি তালিকা তৈরীর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে সেই পদ্ধতি না মেনে সমাজের পিছিয়ে পড়া বা আর্থিকভাবে দৈন্য সম্প্রদায়কে এই সংরক্ষণের আওতায় না এনে তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আবেদন খতিয়ে দেখে নির্দিষ্ট পদ্ধতি মেনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। উল্লেখযোগ্য, এই ডিভিশন বেঞ্চ ২০১০ পরবর্তী রাজ্যের ওবিসি তালিকা বাতিল করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও কোনও লাভ হয়নি। সুপ্রিম কোর্ট সেই মামলা ফের হাইকোর্টে এই ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়ে দেয়।
