সুদীপ্ত চট্টোপাধ্যায়
আর ৪ ঘন্টা নয়, এবার থেকে ২৪ ঘন্টা।
ওয়েটিং লিস্টে থাকা দূরপাল্লার ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা তা জানতে হাতে ২৪ ঘন্টা সময় পাবেন রেলযাত্রীরা। এতদিন নির্দিষ্ট ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে চার্ট প্রিপারেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হত রেলযাত্রীদের৷ এবার সেই হয়রানি শেষ হওয়ার পথে৷
ভারতীয় রেল সূত্রে খবর
আর ৪ ঘণ্টা নয়, ২৪ ঘণ্টা আগেই প্রকাশিত হবে ট্রেনের সংরক্ষিত আসনের তালিকা। ৪ ঘণ্টা আগে জানানোয় সাধারণ মানুষ বিকল্প ব্যবস্থা করার ক্ষেত্রে সমস্যায় পড়তেন। যদি টিকিট কনফর্ম না হয়, তাহলে ওই ৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা করতে পারতেন না। এবার থেকে রেলযাত্রীদের আর সেই সমস্যায় পড়তে হবে না বলেই মনে করছেন রেল কর্তারা। নতুন সিদ্ধান্ত দিল যাত্রীদের পক্ষে যথেষ্ট সহায়ক হবে এবং তাদের হয়রানি অনেকটাই দূর হবে বলে মনে করছে রেল আধিকারিকরা। ভারতীয় রেল সূত্রে খবর, নয়া সিদ্ধান্তের জেরে যাত্রীরা এখন সহজেই টিকিট কনফফার্ম না হলে বিকল্প ব্যবস্থা করতে পারবেন। কারণ তাঁদের হাতে ২৪ ঘণ্টা সময় থাকবে। বিশেষত যাত্রীদের মধ্যে যারা বিশেষ প্রয়োজনীয়তার ভিত্তিতে ট্রাভেল করেন বা যারা শেষ মুহূর্তে টিকিট বুকিং করেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের কষ্ট কমাতে এবং যাত্রী সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।
ট্রেনে সংরক্ষিত আসন নিয়ে দালালদের দৌরাত্ম্য একটি বড় সমস্যা। অনেক সময় দেখা যায়, দালালের মাধ্যমে টিকিট বুকিং করা হয়, যার ফলে সাধারণ যাত্রীরা বঞ্চিত হয়। দালালেরা সাধারণত সরকারি মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করে, যা সাধারণ যাত্রীদের জন্য একটি আর্থিক বোঝা। নতুন এই সিদ্ধান্তে যাত্রীদের হাতে আরও বেশি সময় থাকবে, যার ফলে দালালদের খপ্পর থেকে অনেকটাই রেহাই পাবেন যাত্রীরা।
প্রসঙ্গত, এর আগে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার সময়সীমা বদলেছে রেল। গত বছর ১ নভেম্বর থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার সময়সীমার ক্ষেত্রে বদল আনা হয়েছে। এর আগে আগাম টিকিট কাটার সময়সীমা শুরু হত ১২০ দিন আগে থেকেই। অর্থাৎ, যাত্রার ১২০ দিন আগে সংরক্ষিত আসনের টিকিট কাটা যেত। তবে সেই সময়সীমা কমিয়ে এনেছে রেল। এখন থেকে যাত্রার ৬০ দিন আগে পর্যন্ত টিকিট কাটা যায়। যদিও এবার টিকিট কনফার্মেশনের ক্ষেত্রে যাত্রীদের হাতে বাড়তি সময় এনে দিল রেল।
