সুদীপ্ত চট্টোপাধ্যায়
ভাঙন রোধ, জল প্রকল্প ও আন্তঃদেশীয় নদী সমস্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। রাজ্য বিধানসভায় কেন্দ্রের আর্থিক সহায়তা না থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, ২০২৪ সালের জুলাই মাসে রাজ্যের পাওনা আদায়ের লক্ষ্যে সর্বদলীয় এক প্রতিনিধিদল গঠনের প্রস্তাব থাকলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। গঙ্গা ও পদ্মা নদীর ভাঙন রোধে একাধিক প্রকল্প নেওয়া হলেও কেন্দ্র ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবর্ষে এক টাকাও দেয়নি। আগে ৭৫:২৫ অনুপাতে অর্থ সাহায্য দেওয়া হলেও বর্তমান কেন্দ্রীয় সরকার প্রথমে তা ৫০:৫০, পরে ৬০:৪০ করেছে বলে দাবি করেন তিনি। ভুঁইয়া বলেন, ছয়টি স্কিমের জন্য ৪,৪৪৯ কোটি টাকার পরিকল্পনা পাঠানো হলেও কেন্দ্র থেকে এখনও পর্যন্ত এক টাকাও আসেনি। কেন্দ্রের মনোভাবের তীব্র নিন্দা করে তিনি বলেন, “আপনারা চান বাংলা পচে মরুক।”
ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্রের তরফে সহযোগিতা না এলেও রাজ্য নিজেই বাজেটে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে ৫০০ কোটি ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।
উত্তরবঙ্গের প্রসঙ্গে মানসবাবুর বক্তব্য, ভুটান থেকে নেমে আসা ৭৬টি নদীর জল উত্তরবঙ্গের জনজীবনে বিপর্যয় ডেকে আনছে। ইন্দো-ভুটান রিভার কমিশন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে সীমিত ক্ষমতার মধ্যেও রাজ্য সরকার সমস্যার সমাধানে সচেষ্ট বলেই দাবি করেছেন মানসবাবু।
