চার দিনের সফরে ব্রিটেনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারেরই সাক্ষাৎ পেলেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।হিসেবমত ১১ জুন বুধবারই ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে ফাইনান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদন উল্লেখ করে জানিয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম।প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলে দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তা উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন সংগ্রহের উদ্দেশ্যে লন্ডনে গিয়েছেন ইউনূস। বিপুল অর্থ পাচারের একটি বড় অংশ বর্তমানে ব্রিটেনে রয়েছে বলে অভিযোগ। মুহাম্মদ ইউনূস ফাইনান্সিয়াল টাইমস-কে জানিয়েছেন যে বাংলাদেশ সরকারের এই চুরির অর্থ উদ্ধারে সহযোগিতা করতে যুক্তরাজ্য ‘নৈতিকভাবে বাধ্য’।
ফাইনান্সিয়াল টাইমস-কে ইউনূস জানান, স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। তিনি আরও জানান যে, “তার সঙ্গে আমার সরাসরি কোনও কথা হয়নি।” তবে তিনি আরও বলেন, “আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে স্টারমার আমাদের প্রচেষ্টাকে সমর্থন করবেন।”
কিন্তু কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনূসের সঙ্গে দেখা করলেন না? বুধবার এই ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি বলেন, স্টারমারের সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি কারণ তিনি কানাডায় আছেন। কিন্তু অনেকেই ওই দাবি মিথ্যা বলে আখ্যা দেন। সংবাদ মাধ্যমে প্রকাশ ব্রিটিশ সরকারের একাধিক কর্মকর্তাও জানিয়েছেন যে ইউনূসের সঙ্গে স্টারমারের কোনও বৈঠকের পরিকল্পনা নেই এবং তারা এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি।তবে এ প্রসঙ্গে ইউনূস বলেন, তিনি কেবল বাংলাদেশের জনগণের টাকা উদ্ধারের চেষ্টা করছেন, কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তাঁর দাবি, যুক্তরাজ্যের উচিত “আইনি এবং নৈতিকভাবে” বাংলাদেশকে পাচার হওয়া অর্থ উদ্ধারে সহায়তা করা। ইউনূস জানান তার এই সফরের মূল লক্ষ্য ব্রিটেন থেকে ‘আরও সমর্থন’ সংগ্রহ করা।
চার দিনের সরকারি সফরে মঙ্গলবার ব্রিটেন পৌঁছোন ইউনূস। তিনি শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে। সফর শেষে আগামী ১৪ জুন বাংলাদেশে ফিরবেন মুহাম্মদ ইউনূস।
Leave a comment
Leave a comment
