ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেলা কেবলমাত্র মাঠে হয় না। ‘খেলা’ চলে মাঠের বাইরেও। সেই খেলা হয় মুখ দিয়ে। সফরকারী দলকে চাপের মুখে ফেলতে এই ফর্মুলার মার নেই বলেই বিশ্বাস ইংরেজদের। টিম ইন্ডিয়ার এ বারের ইংল্যান্ড সফরও তার ব্যতিক্রম নয়। বিরাট কোহলির না থাকা নিয়ে এবার সেই ‘খেলা’ই শুরু করে দিল ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট দলে প্রতিভার কখনও অভাব হয়নি, তবে বিরাট কোহলির মতো একজন ব্যক্তিত্বের অনুপস্থিতি মাঠে ও ড্রেসিংরুমে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক ওলি পোপ। ইংল্যান্ডের মাটিতে ২০ জুন থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগেই কোহলির ‘অরা’ বা উপস্থিতির অভিঘাত নিয়ে মন্তব্য করে জোর চর্চার জন্ম দিলেন এই ইংলিশ ব্যাটার। অনেকেই বলছেন, ‘খেলা’ শুরু করে দিল ইংল্যান্ড।
ওলি পোপ বলেন, “ভারতের বর্তমান দলে প্রচুর প্রতিভাবান খেলোয়াড়। বিশেষ করে শুভমান গিল অত্যন্ত প্রতিভাবান। কিন্তু বিরাট যখন স্লিপে থাকতেন কিংবা ফিল্ডিংয়ের সময় দলকে চিৎকার করে উদ্বুদ্ধ করতেন, সেটা প্রতিপক্ষের ওপর আলাদা মানসিক চাপ তৈরি করত। এখন সেই জায়গাটা ফাঁকা।”
ইংল্যান্ড শিবির মনে করছে, ভারতের শক্তি অপরিবর্তিত থাকলেও কোহলির মতো একজন ‘ম্যাচ মুড চেঞ্জার’-এর অভাব এই লম্বা সিরিজে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্য দিকে, পোপ মনে করছেন, ভারতের বিপক্ষে এই কঠিন সিরিজ অ্যাশেজের আগে চূড়ান্ত মানসিক ও টেকনিক্যাল প্রস্তুতি হিসেবে দারুণ কাজে দেবে ইংল্যান্ডের জন্য। তাঁর কথায়, “ভারতের বিরুদ্ধে খেলতে নামা মানেই মানসিক ভাবে সর্বোচ্চ স্তরে থাকা। সিরিজটা কঠিন হলেও আমরা আত্মবিশ্বাসী।”
উল্লেখ্য, ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে ভারত কোনও টেস্ট সিরিজ জেতেনি। ২০১১, ২০১৪ ও ২০১৮ সালে হেরে গিয়েছিল দল। ২০২১–২২ সিরিজটি ড্র হয়েছিল। এ বার কোহলি না থাকলেও বুমরাহ, গিলদের নেতৃত্বে নতুন ভারত কতটা প্রস্তুত, সেটাই দেখার।
