সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্য সরকারের তৃতীয় দফার মেয়াদ শেষ হতে আর এক বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে সাধারণ প্রথার বিরুদ্ধে গিয়ে রাজ্যে বিধানসভার উপনির্বাচন পরিচালনা করতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই উপনির্বাচনের জন্য যাবতীয় প্রথা বা নজির ভেঙে নতুনভাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হয়েছে। এবার আসন্ন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে বাড়তি গুরুত্ব দিয়ে সাধারণ নির্বাচনের মতোই থাকছে পিঙ্ক বুথ বা মহিলা বুথ, মডেল বুথ বা আদর্শ বুথ এবং বিশেষ উপায়ে শারীরিকভাবে সক্ষম ভোট কর্মীদের দ্বারা পরিচালিত বিশেষ বুথ। মূলত ২৬-এর বিধানসভার সাধারণ নির্বাচনকে পাখির চোখ করে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে প্রস্তুতি হিসেবেই দেখছে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৫ নম্বর বুথকে মডেল বুথ হিসেবে তৈরি করা হয়েছে। যে বুথটিকে নদিয়া জেলার ইতিহাসের প্রেক্ষাপটে সুন্দরভাবে সাজানো হবে। এই মডেল বুথ পরিচালনা করবেন বিশেষ উপায়ে শারীরিকভাবে সক্ষম ভোটকর্মীরাই। কালীগঞ্জের বিবেকানন্দ বিদ্যাভবনের ১৮২ ও ১৮৩ নম্বর বুথ পরিচালিত হবে মহিলাদের দিয়ে। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য নির্বাচন কমিশন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে চূড়ান্ত মহড়া হিসেবে ধরেই এগোতে চাইছে। এই বুথগুলির সুরক্ষায় যেমন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী তেমনি বুথের ভিতরে ও বাইরে সিসি ক্যামেরা লাগানো থাকবে এবং চলবে লাইভ স্ট্রিমিং। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সহ সরাসরি দিল্লির নির্বাচন কমিশন লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে এই বুথগুলিতে বাড়তি নজরদারি রাখবেন বলেও জানানো হয়েছে।
আগামী ১৯ জুন সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যেই কালীগঞ্জে পৌঁছে গিয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি থেকে এলাকার মানুষদের মধ্যে সাহস যোগানোর প্রক্রিয়াও। অন্যদিকে এই উপনির্বাচন নির্বিঘ্নে পরিচালনা করতে এবং ভোটারদের অবাধে ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ ডাইরেক্টরেট এবং একাধিক পুলিশ কমিশনারেট থেকে রাজ্য পুলিশ কর্মীদের ভোটের ডিউটিতে নিযুক্ত করা হচ্ছে। প্রাথমিক তালিকা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের দু’জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক, ৩১ জন সাব ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং মোট ৩৯৫ জন হোম গার্ড ও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স বা লাঠিধারী পুলিশ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কাজে যুক্ত থাকছেন। প্রয়োজনে কৃষ্ণনগর পুলিশ জেলা থেকে অতিরিক্ত রিজার্ভ ফোর্স নিরাপত্তা মোতায়েনের কাজে ব্যবহার করা হতে পারে বলেও রাজ্য পুলিশের নোডাল অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছে।
