সোনা শুধু বাঙালি নয়, সকলেরই প্রিয়। কারও কাছে সোনার অলঙ্কার বিলাসিতা হলেও, মধ্যবিত্তের কাছে তা সঞ্চয়। তাই সোনা কেনার ইচ্ছে হোক বা না হোক, এই হলুদ ধাতুর দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ স্বাভাবিক। আবার সোনার দাম কমলে হাসি ফোটে মুখে। তবে দিন কয়েক সোনা রুপোর দাম কিছুটা স্বস্তি দিলেও আবারও বাড়ছে ধারাবাহিক ভাবে। গত সপ্তাহে যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে সোনা রুপো।
এই মুহূর্তে যে পরিবারে বিয়ের অনুষ্ঠান, তাদের চিন্তা বাড়িয়েছে সোনার দাম বৃদ্ধি। কারণ বর্তমানে পাকা সোনা প্রতি ১০ গ্রামের দাম পেরিয়ে গিয়েছে এক লক্ষ টাকার গণ্ডি! প্রতি কেজি রুপোর দাম জিএসটি ছাড়া এক লক্ষ টাকা পেরিয়ে গিয়েছে। তাতেই মহা ফাঁপরে পড়েছে আমজনতা। যদিও গত সপ্তাহের বৃহস্পতিবারের সঙ্গে চলতি সপ্তাহের বৃহস্পতিবারে সোনা রুপোর দামের মধ্যে তুলনা করা হয় তাহলে দেখা যাবে, এই সপ্তাহের বৃহস্পতিবার প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১০০০ টাকা কমেছে। অন্য দিকে কেজি প্রতি রুপোর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় চার হাজার টাকা।
এবার দেখে নেওয়া যাক লক্ষীবারে সোনা রুপোর দাম কোথায় গিয়ে ঠেকলো:-
বৃহস্পতিবার কলকাতার বাজারে করবিহীন সোনার দরে চোখ রাখলে দেখা যাচ্ছে, পাকা সোনার বার অর্থাৎ ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ৯৬ হাজার ৬০০ টাকা। ১০ গ্রামের খুচরো পাকা সোনার বার ৯৭ হাজার ১০০ টাকা। হলমার্ক যুক্ত গহনা সোনা বা ২২ ক্যারাটর ১০ গ্রাম সোনার দাম ৯২ হাজার ৩০০ টাকা।।
অন্য দিকে, প্রতি কেজি খুচরো রুপোর দাম ১ লক্ষ ৬ হাজার ৮৫০ টাকা। যদিও বাজারে গেলে এই দামে সোনা কিনতে পারবেন না আপনি। তার থেকে বেশ কিছুটা খরচ বেশি হতে পারে। কারণ সোনার দামের সঙ্গে জিএসটি-সহ গহনা তৈরির মজুরি ধরে নেওয়া হয়। সব ক্ষেত্রে জিএসটি ৩ শতাংশ হলেও, সোনার দোকান ভেদে আলাদা আলাদা মজুরি নেওয়া হতে পারে।
