সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী ১২ জুলাই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আলিপুরদুয়ারে নতুন আদালত কবে উদ্বোধন হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, যে কোনো আদালতের উদ্বোধন নির্ভর করে হাইকোর্টের ওপরে। হাইকোর্টের সবুজ সংকেত পেলেই নতুন আদালতের উদ্বোধন করা যায়। এ কথা বলতে গিয়েই আইনমন্ত্রী জানান ” সার্কিট বেঞ্চের উদ্বোধনের দিনক্ষণ মোটামুটি ঠিক হয়েছে। সেক্ষেত্রে ১২ জুলাই মুখ্যমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হবে।” পাশাপাশি আইনমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মোট ৩২টি আইন কলেজ রয়েছে। যার মধ্যে একটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। চারটি আইন কলেজ সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত, বাকি ২৭টি বেসরকারি। আরও তিনটি বেসরকারি আইন কলেজ তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। সব মিলিয়ে রাজ্যে এখন মোট ৩৫ টি আইন কলেজ রয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত আইন কলেজের ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ২০,১১৫ জন। তিনটি নতুন বেসরকারি আইন কলেজ হওয়াতে সেই সংখ্যা বেড়েছে ২২,৮৭১জন। শুক্রবার আইন বিভাগ সম্পর্কিত প্রশ্নের উত্তরে বিধানসভায় এমনটাই জানিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ২০১৯ সালে রাজ্যের তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, হাইকোর্টের তদানীন্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আংশিকভাবে তৈরি হওয়া হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ উদ্বোধন করা হয়। এবার সম্পূর্ণরূপে উত্তরবঙ্গের সবকটি জেলার কাজ এক ছাতার তলায় এনে নতুন রূপে তৈরি হওয়া এই সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। কলকাতা হাইকোর্টে এসে উত্তরবঙ্গের লোককে আর মামলা করার ঝক্কি পোহাতে হবে না।
