এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলির পাশে দাঁড়াল ভারতের জীবন বিমা নিগম। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে শোকস্তব্ধ দেশ। আমেদাবাদ থেকে লন্ডনের পথে রওনা হওয়া ফ্লাইট এআই-১৭১ কয়েক মিনিট উড়েই ভেঙে পড়ে আবাসিক এলাকার উপর। সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বিমানটি। তাতে প্রাণ হারিয়েছেন ২৬৪ জন। তালিকায় রয়েছেন বিমানযাত্রী, কেবিন ক্রু, পাইলট, চিকিৎসক-সহ স্থানীয় বাসিন্দারাও। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার পর দিনই বিজ্ঞপ্তি দিল এলআইসি।
এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীদের মধ্যে প্রায় সকলেরই এলআইসি-তে পলিসি আছে। শুক্রবার এলআইসি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের বিমার বিনিময়ে অর্থ প্রদানের দ্রুত নিষ্পত্তি করবে সংস্থা এবং মৃত্যুর প্রমাণ সংক্রান্ত নিয়মে বিশেষ ছাড় দেওয়া হবে। সাধারণত বিমার টাকা পাওয়ার জন্য মৃত্যুর শংসাপত্র জমা দিতে হয়। তবে এ ক্ষেত্রে এলআইসি জানিয়েছে, কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনও প্রমাণপত্র, যেমন ক্ষতিপূরণের নথি বা সরকারি ভাবে মৃত্যুর স্বীকৃতি থাকলেই দাবি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
এলআইসি আরও জানিয়েছে, তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে যত দ্রুত সম্ভব বিমার অর্থ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। বিমার দাবিদাররা নিকটবর্তী এলআইসি শাখা, বিভাগীয় অফিস কিংবা কাস্টমার জোনে যোগাযোগ করে সহায়তা পেতে পারেন। এছাড়াও, এলআইসি একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল, ০২২ ৬৮২৭৬৮২৭। এই নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা মিলবে।
উল্লেখ্য, বর্তমানে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। তাই দুর্ঘটনার পর টাটা গ্রুপ জানিয়েছে, প্রত্যেক মৃত যাত্রীর পরিবারকে ১ কোটি টাকা করে প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হবে।
