ইংল্যান্ডে পোলো খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং খ্যাতনামা শিল্পপতি সঞ্জয় কাপুর। বৃহস্পতিবার, ১২ জুনের ঘটনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
পোলো খেলার মাঝপথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। মাঠেই পড়ে যান তিনি। উপস্থিতরা সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি প্রাণ হারান। বলিউড এবং শিল্পজগৎ জুড়ে এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
সঞ্জয় কাপুর ছিলেন সোনা কমস্টার নামক একটি অটোমোটিভ সিস্টেম নির্মাতা সংস্থার চেয়ারম্যান। কিছুদিন আগেই তাঁকে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের নর্দার্ন রিজিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল। উত্তর ভারতের সাতটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের শিল্পনীতি ও উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনায় মৃতদের জন্য গভীর শোক প্রকাশ করেছিলেন। সেই পোস্টটাই হয়ে রইল তাঁর শেষ বার্তা।
সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে টুইট করে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট লেখক ও সমাজকর্মী সুহেল সেঠ। তিনি লেখেন, “@sunjaykapur-এর চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত। আজ ইংল্যান্ডে তাঁর মৃত্যু হয়েছে। এটা একটা বড় ক্ষতি। তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি”।
২০০৩ সালে করিশ্মা কাপুরের সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের দুটি সন্তান রয়েছে। পরে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যাঁর সঙ্গেও তাঁর একটি সন্তান রয়েছে।
সঞ্জয়ের আকস্মিক মৃত্যুতে কাপুর পরিবার সহ বলিউডের একাধিক তারকা ইতিমধ্যেই করিশ্মা কাপুরের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
