আগামী বছরের এপ্রিল নয়,সব প্রস্তুতি শেষ হয়ে গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহ (ফেব্রুয়ারি) মাসেও নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সহমত তৈরি হল। শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠক শুরু হয়।এই সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে ২০২৬ সালের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। জানা গেছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় বলে মনে করছেন।এই সময় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে সেই সময়কালে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা।
কিছু সংস্কারের পর সাধারণ নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন রাজনৈতিক দল চলতি বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানালেও কিছু দিন আগে ইউনূস ঘোষণা করেন, ২০২৬ সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা। বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আরও আগে ডিসেম্বরে ভোটের দাবি জানায়। সেই হিসেবে ইউনূসের পিছু হটে নির্বাচন এগিয়ে আনার সিদ্ধান্তে সহমত হওয়াকে বিএনপি নিজেদের জয় হিসেবেই দেখছে।
কাজেই লন্ডনে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক সফল হয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বৈঠক শেষে ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, অনিশ্চিত অবস্থা কাটিয়ে জাতিকে আবার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন দুই নেতা। তারেক রহমান রাষ্ট্রনায়কোচিত কাজ করেছেন বলেও উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
