টেলিভিশনের সরাসরি বিতর্কে প্যানেলিস্টের করা আপত্তিকর মন্তব্যের জন্য গ্রেফতার হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক কম্মিনেনি শ্রীনিবাস রাও। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাঁকে মুক্তি দেওয়ার। ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশে। যেখানে রাওয়ের সঞ্চালিত ‘লাইভ উইথ KSR’ শো-তে একজন অতিথি রাজ্য সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন। সেই মন্তব্য নিয়ে হইচই শুরু হয়, এবং এর জেরে হায়দরাবাদ থেকে সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ।
সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, বিতর্কে অংশ নেওয়া কেউ কিছু আপত্তিকর বললে সঞ্চালককে সেই দোষে গ্রেফতার করা যায় না। শুনানির সময় রাওয়ের হয়ে আইনজীবী সিদ্ধার্থ দাভে বলেন, “এই মন্তব্য সাংবাদিক নিজে করেননি। একজন অতিথি বলেছিলেন। তিনি তো শুধুই শো সঞ্চালনা করছিলেন।” এ বিষয়ে বিচারপতিরা প্রশ্ন তোলেন, “অন্য কেউ যে কথা বলছেন, তার দায় একজন অ্যাঙ্কারের ঘাড়ে চাপানো যায় কী করে?”
অন্ধ্রপ্রদেশ রাজ্যের তরফে আইনজীবী মুকুল রোহতগি ও সিদ্ধার্থ লুথরা যুক্তি দেন, রাও ওই মন্তব্যকে প্রশ্রয় দিয়েছেন এবং হাসি দিয়ে সমর্থন করেছেন। তবে আদালত জানায়, তিনি যে হেতু নিজে কোনও কটূক্তি করেননি তাই একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে তাঁর বাক-স্বাধীনতার অধিকার রক্ষিত হওয়া উচিত। তাঁকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে।
আদালত অবশ্য সতর্ক করে দিয়ে জানায়, ভবিষ্যতে তিনি যেন নিজে কোনও মানহানিকর কথা না বলেন এবং নিজের অনুষ্ঠানে এমন বক্তব্য যেন না আসে, সে বিষয়ে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা স্বাধীন থাকলেও, তার সঙ্গেই রয়েছে সতর্কতা ও সংবেদনশীলতার ভার এই বার্তাই দিল দেশের সর্বোচ্চ আদালত।
