সুদীপ্ত চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের সিরাজগঞ্জের পৈতৃক ভিটেতে ভাঙচুরের ঘটনায় ক্ষোভপ্রকাশ করে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, প্রতিবেশী দেশের সরকারের কাছে এই ঘটনার জবাবদিহি চেয়ে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘এই ঘটনা কেবল একটি বাড়ির উপর হামলা নয়, এটি উপমহাদেশের সৃজনশীলতার উপর আঘাত। এই পৈতৃক বাড়ির সঙ্গে কবির সৃষ্টিশীলতা ও আত্মিক সম্পর্ক ছিল। বহু অমর সৃষ্টি এই বাড়িতে বসেই রচিত হয়েছে।’’ তাঁর মতে, এই হামলা জাতীয় গর্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর প্রত্যক্ষ আক্রমণ।
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘বাংলার মানুষের কাছে এটি রবীন্দ্রনাথের ঐতিহ্যের উপর আঘাত। ঠাকুরের পারিবারিক শিকড়ে হামলা মানেই তাঁর অমর সৃষ্টির মূলকেই আঘাত করা। যা মানবজাতির ঐক্যের বার্তা বহন করে।’’ এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এই নৃশংস ও নির্বোধ হামলার দায়ীদের বিচার করতে যেন কোনও কসুর না করা হয়। আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিবাদ জানানো হলে ভবিষ্যতে এমন ঘটনা আটকানো সম্ভব।’’
চিঠির শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘রবীন্দ্রনাথ শুধু বাংলার নন, তিনি সারা বিশ্বের।’’
