ছোট হেড – শিশমহল বিতর্কে উত্তাল ছিল দিল্লির নির্বাচন
গত বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের শিশমহল বিতর্কে উত্তাল ছিল দিল্লি। মুখ্যমন্ত্রী থাকাকালীন আপ সুপ্রিমো নিজের বাসভবনকে শিশমহলে পরিণত করেছিলেন বলে অভিযোগ। এই ইস্যুতে ভোটের মুখে উত্তাল হয় জাতীয় রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিতর্কে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবন। আপের দাবি, মুখ্যমন্ত্রী নিজের জন্য ‘মায়ামহল’ তৈরি করিয়েছেন। যেখানে একাধিক বিলাসবহুল ঘর সহ কি না নেই। যা নিয়ে নতুন করে বিতর্ক রাজধানীতে।
আম আদমি নেতা অনিল ঝা’য়ের দাবি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এখন থেকে ‘মায়ামহলে’ থাকবেন। রাজ নিবাস মার্গে দুটি বাংলো ইতিমধ্যে তাঁর জন্য বরাদ্দ করা হয়েছে। আপ নেতার আরও দাবি, ওই দুই বিলাসবহুল বাংলোতে ৩০ টি ঘর আছে। বসানো হয়েছে দুটি বড় জেনারেটর। হঠাৎ লোডশেডিং হয়ে গেলে মুখ্যমন্ত্রীকে যাতে সমস্যার মধ্যে না পড়তে হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা রয়েছে বলে দাবি অনিল ঝা’য়ের।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি বাসভবন ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজধানীর রাজ নিবাস মার্গে অবস্থিত ১/৮ এবং ২/৮ নম্বর বাংলো একত্রিত করে মুখ্যমন্ত্রীর নয়া বাসভবনটি তৈরি করা হবে। যেখানে থাকবে নিজস্ব অফিস সহ সমস্ত সুবিধা। বলে রাখা প্রয়োজন, কয়েকমাস আগেই দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রেখা গুপ্তা। সেই সময়েই তিনি জানান, কেজরিওয়ালের ছেড়ে যাওয়া বাসভবনে থাকবেন না। যা ছয় নম্বর ফ্ল্যাগ স্টাফ রোডে অবস্থিত।
মুখ্যমন্ত্রীর নয়া বাসভবনকে ‘মায়ামহলে’র সঙ্গে তুলনা করেই বিজেপিকে তীব্র আক্রমণ শানায় আপ। এই সরকার গরিবের সরকার নয় বলেও তোপ দাগেন। আপ নেতার দাবি, বিজেপি সরকার দিল্লির বস্তিতে বুলডোজার চালাচ্ছে। রাজধানী জুড়ে হকার উচ্ছেদ করা হচ্ছে। অনিল ঝায়ের কথায়, দিল্লির ডবল ইঞ্জিন সরকার কখনই দরিদ্রদের সরকার নয়, বরং দরিদ্র বিরোধী সরকার। এই বিষয়ে আগামিদিনে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আম আদমির পার্টির তরফে।
