দাউ দাউ করে জ্বলছে ৬৭ তলার একটি বহুতল! আগুনের লেলিহান শিখা ক্রমশ কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠেছে। কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে আকাশ। দুবাইয়ের এক বহুতলে এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় বহুতলটি খালি করা হচ্ছে। সে দেশের এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় চার হাজার মানুষকে সরানো হয়েছে। জ্বলতে থাকা বহুতলের আশেপাশের একাধিক বাড়িগুলিকেও খালি করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ঘটনার পরে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুবাইয়ের এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, আধুনিক প্রযুক্তিতে তৈরি বহুতলটিতে ফায়ার অ্যালার্ম বাজেনি। তীব্র পোড়া গন্ধ এতটাই ছড়ায় যে তাতেই বহুতলের বাসিন্দারা সতর্ক হয়ে যান। এরপরেই প্রাণে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যায়। এক ব্যক্তি জানিয়েছেন, কালো ধোঁয়া সম্পূর্ণভাবে বহুতলটিকে গ্রাস করেছিল। কিছু দেখা যাচ্ছিল না। বহুতলের ওই বাসিন্দার কথায়, সিঁড়িগুলি এমনভাবে ধোঁয়ায় ঢেকে গেছিল যে প্রাণ হাতে নীচে নামতে হয়। একসঙ্গে বহু মানুষ নীচে নামে।
স্থানীয় সংবাদমাধ্যমকে আরও এক বাসিন্দা জানিয়েছেন, স্ত্রীয়ের সঙ্গে ২৪তলায় ছিলাম। রাতের দিকে গন্ধ পাই যে কিছু একটা পুড়ছে। ওই ব্যক্তির কথায়, বারান্দা দিয়ে নজর রাখতেই অবাক কাণ্ড। দেখি, বহুতলে ভয়াবহ আগুন জ্বলছে। দমকল আধিকারিকরা তা নেভানোর চেষ্টা করছে। প্রায় কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সারা রাত বহুতলের মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চোখেমুখে স্পষ্ট আতঙ্ক।
শুধু তাই নয়, কীভাবে কাটবে আগামিদিন? আগুনের লেলিহান শিখায় সবটাই তো শেষ, এমনই উদ্বেগও ধরা পড়েছে স্থানীয়দের কথাতে। কিন্তু এমন একটি বহুতলে কেন বাজল না ফায়ার অ্যালার্ম? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে বহুতলের পরিকাঠামো নিয়েও। যদিও স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় পরীক্ষা করার পরেই ওই বহুতলের বাসিন্দাদের ফের থাকার অনুমতি দেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে খবর।
