নগদের ব্যবহারে কমছে দিনে দিনে। বাড়ছে ডিজিটাল লেনদেন। তা সে চায়ের দোকানেই হোক কিংবা অটোয় ভাড়া দেওয়া, সবটাই ঘটছে ডিজিটাল লেনদেনের মাধ্যমে। এক ফোন থেকে আরেক ফোনে মুহূর্তে পৌঁছে যাচ্ছে টাকা। আর এই প্রবণতা দিনে দিনে বাড়ছে। ভারতে ইউপিআই-এর ক্ষেত্রে সর্বাধিক অংশীদারিত্ব রয়েছে ফোন পে ও গুগল পে-র। লেনদেনের সংখ্যা থেকে শুরু করে অঙ্ক, সবদিক থেকেই উপরের দিকে রয়েছে এই দুই সংস্থা। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনসিপিআই থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
ইকনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী ভারতের স্টক মার্কেটে উপরের দিকে জায়গা করে নিচ্ছে ফোন পে। গত মাসে ইউপিআই-এর বাজারে কার্যত ৫০ শতাংশ অংশ দখল করে ফোন-পে। জানা গিয়েছে এই প্লাটফর্মের মাধ্যমে ৮.৭ বিলিয়ন লেনদেন হয়েছে, ১২.৫৬ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে বলেও জানা গিয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা প্লাটফর্ম হল গুগল পে। ৬.৭ বিলিয়ন লেনদেন হয়েছে, লেনদেন হওয়ার টাকার অঙ্ক ৮.৮৫ লক্ষ কোটি। তৃতীয় স্থানে রয়েছে পেটিএম। এই প্লাটফর্মের মাধ্যমে মোট ১.৩৮ লক্ষ কোটির লেনদেন হয়েছে, লেনদেনের সংখ্যা ১.৩ বিলিয়ন। এছাড়াও রয়েছে সচিন বনশলের সংখ্যা নাভি ও ফ্লিপকার্টের সুপার মানির মতো প্লাটফর্ম। এগুলিতে যথাক্রমে ২১,৩৫০ কোটির ও ৭০৫৪ কোটির লেনদেন হয়েছে।
আরও জানা গিয়েছে যে গত মাসে ফোন-পে সংস্থাটি তাদের ৯৫ শতাংশ রেভিনিউ আয় করেছে ডিজিটাল পেমেন্ট থেকে। তথ্য বলছে, গত মে মাসে ১৮.৬৮ বিলিয়ন লেনদেন হয়েছে ইউপিআই-এর মাধ্যমে। এপ্রিল মাসের থেকে যা ৪.৪ শতাংশ বেশি। ২০১৬ তে লঞ্চ হওয়ার পর থেকে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এই প্লাটফর্ম। যেভাবে ডিজিটাল লেনদেন বাড়ছে, তা স্বস্তিদায়ক বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
