উদ্বেগের ছায়া ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের পরিবারে। হৃদরোগে আক্রান্ত তাঁর মা সীমা গম্ভীর। জানা গেছে, ১১ জুন ঘটেছে এই ঘটনা। মায়ের অসুস্থতার খবর পাওয়া মাত্রই ইংল্যান্ড সফর মাঝপথে ছেড়ে দেশে ফিরে এসেছেন গম্ভীর।
এর আগেও পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরেছিলেন। ইংল্যান্ড সফর গম্ভীরের কোচিং কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের ফলাফল তাঁর উপর বড় প্রভাব ফেলেছে। আগামী ১৭ জুন আবারও গম্ভীর দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে। গম্ভীরের অনুপস্থিতিতে সাময়িক ভাবে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। সঙ্গে থাকবেন বোলিং কোচ মর্নি মর্কেল এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটক। ১৪ জুন থেকে শুরু হচ্ছে ভারত ও ভারত-এ দলের মধ্যে চার দিনের প্রস্তুতি ম্যাচ।
গৌতম গম্ভীর নিজের সময়ে ছিলেন সেরা ব্যাটার এবং ক্যাপ্টেন। ১৪৭টি ওয়ান ডে ম্যাচে ৩৯.৬৮ গড়ে ৫,২৩৮ রান করেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে তাঁর ৯৭ রানের ইনিংস আজও স্মরণীয়। টি-২০ আন্তর্জাতিকেও তিনি ৩৭টি ম্যাচে করেছেন ৯৩২ রান, যার মধ্যে রয়েছে ৭টি অর্ধশতক। ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হেডিংলেতে টেস্ট দিয়ে শুরু হবে এই প্রতিদ্বন্দ্বিতা। ভারত-ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে ইংল্যান্ড এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতও।
গম্ভীরের মায়ের দ্রুত আরোগ্য কামনা করছে গোটা ক্রিকেট মহল। একইসঙ্গে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের পারফরম্যান্স কেমন হয়, এখন সেটাই দেখার।
