গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানিয়ে দিলেন, রাজ্যে এখনই ওলা বা উবর ক্যাব পরিষেবার অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তাঁর অবস্থান পরিষ্কার করেন।
তিনি আরও জানান, রাজ্যের পরিবহন ব্যবস্থা ঠিকঠাক আছে এবং সরকার নতুন মোবাইল অ্যাপ-ভিত্তিক পরিষেবা চালু করার জন্য কাজ করছে, যাতে পর্যটক ও সাধারণ মানুষ সহজে ট্যাক্সি পেতে পারেন। ইতিমধ্যেই গোয়া মাইলস নামের একটি স্থানীয় অ্যাপ চালু রয়েছে এবং সেটিকে আরও জনপ্রিয় করার দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার।
গোয়ায় বেশ কয়েক বছর ধরেই স্থানীয় ট্যাক্সি ইউনিয়ন ও ড্রাইভারদের একাংশ ওলা-উবরের প্রবেশে আপত্তি জানিয়ে আসছে। তাঁদের দাবি, বাইরের এই অ্যাপভিত্তিক ক্যাব সংস্থাগুলি এলে তাঁদের রোজগার মার খাবে।
পর্যটন-নির্ভর রাজ্য গোয়ায় গ্রীষ্মকালে প্রচুর পর্যটক ভিড় করেন। তাদের সুবিধার জন্য অনেকে বারবার দাবি তুলেছেন যাতে ওলা বা উবরের মতো অ্যাপ-ক্যাব চালু হয়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং স্থানীয় পরিবহন ব্যবসাকে বাঁচিয়ে রাখাই সরকারের অগ্রাধিকার।
সরকারি সূত্র বলছে, গোয়াতে নিজস্ব অ্যাপ-ভিত্তিক পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধা বাড়াতে ট্যাক্সি ভাড়াও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে একদিকে যেমন স্থানীয় ট্যাক্সি চালকদের মধ্যে স্বস্তি এসেছে, তেমনই অনেক পর্যটক এবং নাগরিক প্রশ্ন তুলেছেন, আধুনিক অ্যাপ-ক্যাবের সুবিধা থেকে গোয়াবাসীরা কতদিন বঞ্চিত থাকবে?
