লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমানের বৈঠককে খালেদা জিয়ার দল উল্লেখযোগ্য সাফল্য বলে বর্ণনা করলেও হতাশা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। এই বৈঠকে নির্বাচনের তারিখ এগোনো ও পিছোনো নিয়ে আলোচনা বা দরকষাকষি যতটা গুরুত্ব পেয়েছে নির্বাচনী সংস্কার ও বিচার ততটুকু গুরুত্ব পায়নি বলে মনে করে এনসিপি নেতৃত্ব। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শুক্রবার রাতে এনসিপির এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে।
প্রথম আলোয় প্রকাশিত এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। কিন্তু বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটা গুরুত্ব পায়নি। পাশাপাশি নির্বাচনের প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে উল্লেখ করেছে এনসিপি। এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি।
শুক্রবার মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে আগামী বছরের এপ্রিল নয়, সব প্রস্তুতি শেষ হয়ে গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহ(ফেব্রুয়ারি) মাসেও নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সহমত তৈরি হয়। বিএনপি চলতি বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানালেও কিছু দিন আগে ইউনূস ঘোষণা করেন, ২০২৬ সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা। বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আরও আগে ডিসেম্বরে ভোটের দাবি জানায়। সেই হিসেবে ইউনূসের পিছু হটে নির্বাচন এগিয়ে আনার সিদ্ধান্তে সহমত হওয়াকে বিএনপি নিজেদের জয় হিসেবেই দেখছে। লন্ডনে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক সফল হয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পাশাপাশি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন নির্বাচনের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ই সবচেয়ে উপযুক্ত হবে। তবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
