শুক্রবারই জুম্মার নমাজের পর যুদ্ধের নিশান ‘লাল ঝাণ্ডা’ ওড়ে তেহরানে। পূর্ণ শক্তি দিয়ে ইজরায়েলে হামলার হুঁশিয়ারি। আর এর পরেই সারারাত ধরে তেল আভিব-সহ ইজরায়েলের একাধিক শহরকে টার্গেট করে মিসাইল দাগে ইরান। রাতের আকাশে বার বার আলোর ঝলকানি আর বিস্ফোরণের কান ফাটানো শব্দ।
পাল্টা হামলায় ইজরায়েলে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত। দু’টি ইজরায়েল ধ্বংস করেছে এবং এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। জবাব দিতে দেরি করেনি ইজরায়েল। ভোররাতে ফের একবার ইরানের বিভিন্ন জায়গায় চলে বিমানহানা। সে দেশের পরমাণুঘাঁটি-সহ সেনা দফতরগুলিকেও টার্গেট করা হয়। এই হামলায় আরও দুই সেনা শীর্ষ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানাচ্ছে।
প্রকাশিত খবর অনুযায়ী, ইরান সেনাবাহিনীর ডেপুটি হেড অফ অপারেশন মেহেদি রাব্বানি এবং ডেপুটি হেড অফ ইন্টিলিজেন্স জেনারেল ঘোলাম্রেজা মেহরবির মৃত্যু হয়েছে। এছাড়াও ইজরায়েলের বিমানবাহিনীর হামলায় এখনও পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জে দাবি করেছেন ইরানের রাষ্ট্রদূত। এছাড়াও এই হামলায় পরমাণু ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে মেনে নিয়েছে ইরান।
এর মধ্যেই ইজরায়েল ইরানে হামলা চলবে বলে স্পষ্ট করে দিয়েছে। একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল এয়ারফোর্স। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানকে হুমকি দিয়ে জানিয়েছেন, ‘আরও কিছু অপেক্ষা করছে’। তবে কি তা স্পষ্ট করেনি। নেতানিয়াহুর কথায়, এটা সবে শুরু। পশ্চিম এশিয়ায় টেনশন বাড়তেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পরিস্থিতি নিয়ে ইরান এবং ইজরায়েল যাতে আলোচনায় বসে সেই বার্তা দেওয়া হয়েছে। যা খবর, এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
