দক্ষিণ ২৪ পরগনা জেলার রবীন্দ্রনগর ও মহেশতলায় পুলিশ প্রশাসনের শীর্ষপদে গুরুত্বপূর্ণ রদবদল ঘটল। রবিবার রাজ্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, রবীন্দ্রনগর থানার আইসি এবং মহেশতলার এসডিপিও-কে তাঁদের পদ থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে। সম্প্রতি আক্রা-সন্তোষপুর এলাকায় ছড়ানো উত্তেজনার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে সরিয়ে তাঁকে দার্জিলিং জেলার ইন্সপেক্টর অব পুলিশ পদে বদলি করা হয়েছে। তাঁর স্থানে নতুন আইসি হিসেবে দায়িত্ব নেবেন মালদহ জেলার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। নতুন আইসি কবে থেকে দায়িত্ব নেবেন, সে বিষয়ে দ্রুত জানানো হবে বলে পুলিশের তরফে খবর।
এছাড়াও মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকেও বদলি করে পাঠানো হয়েছে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় বাহিনীতে। তাঁর জায়গায় নতুন এসডিপিও হলেন সৈয়দ রেজাউল কাবির, যিনি এর আগে রাজারহাট থানার আইসি পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা এবং জনবিক্ষোভের কারণে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। পুলিশি তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই ঘটনার পরই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন আইসি এবং এসডিপিও-র মাধ্যমে এলাকায় আইনের শাসন আরও শক্তপোক্তভাবে বজায় রাখা যাবে বলেই আশাবাদী জেলা প্রশাসন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে।
এই রদবদলে প্রশাসনিক বার্তা স্পষ্ট , আইনশৃঙ্খলা রক্ষায় কোনও রকম গাফিলতি বরদাস্ত নয়।
