ইডেন থেকে যাত্রা শুরু হয়েছিলো মহারাজের। সেই যাত্রার মাইলফলক হয়ে আছে লর্ডসের ব্যালকনিতে গেঞ্জি খুলে ওড়ানো। সেই ইতিহাসই যেন পুনরাবৃত্ত করলো দক্ষিণ আফ্রিকা। নির্বাসনের পর তাদের শুরুটাও তো হয়েছিল ইডেন গার্ডেনসেই।
তারপর আজ। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে লেখা হল এক রূপকথার অধ্যায়। ২৭ বছরের অপেক্ষা, ‘চোকার্স’ তকমার ভার আর একের পর এক হৃদয়ভাঙা মুহূর্তের পর অবশেষে দক্ষিণ আফ্রিকা ছুঁল স্বপ্নের সিঁড়ি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়ন হল প্রোটিয়ারা।
সাউথ আফ্রিকার জয়ের নায়ক আইডেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে খেললেন এক দুরন্ত সেঞ্চুরি। তাঁর সঙ্গে ছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি চোটে কাহিল শরীর নিয়েও নেতৃত্বের মানে নতুন করে সংজ্ঞায়িত করলেন। দু’জনে গড়লেন ১৪৩ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
অস্ট্রেলিয়া, যারা সদ্য শেষ হওয়া পাঁচটি ফাইনালেই জয়ী হয়েছিল, এবার সেই ধারাবাহিকতা রাখতে পারল না। প্রথম ইনিংসে লাবুশেন ও স্মিথ ভালো শুরু করলেও দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে অজিরা। রাবাদা, এনরিখে ও জ্যানসেনের সুপরিকল্পিত বোলিংয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং।
প্রোটিয়াদের এই জয় শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়। এটি আত্মবিশ্বাসের, দৃঢ় মানসিকতার এবং শতবার হেরে গিয়েও মাথা উঁচু করে ফেরার কাহিনি। দীর্ঘদিনের ট্রমা, বিতর্ক, ক্রিকেট রাজনীতি—সব কিছুর ঊর্ধ্বে উঠে দল হিসেবে এই জয় দক্ষিণ আফ্রিকার আত্মপরিচয়কে এক নতুন উঁচুতে পৌঁছে দিল।
Leave a comment
Leave a comment
