আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। প্রাণ হারান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আকাশ ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ডাক্তারদের হস্টেল বিল্ডিংয়ে ভেঙে পড়ে। ঘটনায় মোট ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে ছিলেন অন্তত ২৯ জন যাঁদের মধ্যে এমবিবিএস পড়ুয়াও ছিলেন।
বিজয় রূপালীর পরিবারের তরফে তাঁর ছেলে ঋষভ রূপানি জানিয়েছেন, “শুধু আমাদের পরিবারের জন্য নয়, আরও ২৭০টি পরিবারের জন্যই একই রকম শোকের সময়।” তিনি ধন্যবাদ জানিয়েছেন পুলিশ, স্বাস্থ্য দপ্তর, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস এবং আরএসএস-এর স্বেচ্ছাসেবকদের, যাঁরা উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাঁরা শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন।
রূপাণীর জামাতা নিমিত মিশ্র জানান, তাঁরা পরিবারের সবাই ভেঙে পড়েছেন এবং এখনও পর্যন্ত সেই শোক কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাঁর কথায়, “আমরা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা সমবেদনা জানাই।”
সোমবার বিকেলে রাজকোটের রামনাথপাড়া মহাশ্মশানে রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।
রূপাণীর আপ্ত সহায়ক শৈলেশ মণ্ডলিয়া সংবাদমাধ্যমে কাঁদতে কাঁদতে বলেন, “স্যর যে কত মানুষের জীবনে প্রভাব ফেলেছিলেন, সেটা আজ স্পষ্ট বোঝা যাচ্ছে।”
এই দুর্ঘটনায় রূপাণীর পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
