এখনও বিপন্মুক্ত নন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। গত শনিবার রাতে তলপেটে ব্যাথা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। চিকিৎসকদের অনুমান, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা থাকতে পারে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে চাইছেন চিকিৎসকরা।
সেই মতো প্রাক্তন বিচারপতির একাধিক শারীরিক পরীক্ষাও করা হচ্ছে বলে খবর। অন্যদিকে এদিন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাংসদদের সঙ্গে দেখা করতে যান বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবরও নেন। পরে সাংবাদিকদের সুকান্ত মজুমদার জানিয়েছেন, পর্যবেক্ষণে রয়েছেন। লম্বা চিকিৎসার প্রয়োজন। আরও কয়েকদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে কাটাতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয়মন্ত্রী। তাঁর কথায়, এক্ষেত্রে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হয়।
পাশাপাশি বিজেপি নেতার দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন সুকান্ত মজুমদার। যেখানে অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কয়েকটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক ঝটকায় শরীর বেশ কিছুটা ভেঙে গিয়েছে। নাকে নল লাগানো। বিজেপি নেতার পোস্ট করা ছবিতেই স্পষ্ট যে কতটা অসুস্থ প্রাক্তন বিচারপতি।
হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যে সাত সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। কার্ডিওগ্রাফির রিপোর্টও হাতে পেয়েছেন চিকিৎসকরা। যা চিকিৎসকদের চিন্তায় ফেলেছে বলে হাসপাতাল সূত্রে খবর। আর এরপরেই বোর্ডে একজন কার্ডিওলজিস্টকে যুক্ত করা হয়েছে বলে খবর। এছাড়াও সুগার, উচ্চ রক্তচাপ সহ একাধিক সমস্যা আছে সাংসদের। এমনকী যখন হাসপাতালে ভর্তি হন সেই সময় বমি হচ্ছিল। সেটাও চিকিৎসকদের ভাবাচ্ছে বলেই খবর।
