সিনেমার দৃশ্য বললেও কম বলা হয়। অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ২৪১ জন যাত্রীর মধ্যে একজন কীভাবে বেঁচে গেলেন, তা এখনও বিস্ময়। আর এবার সামনে এল সেই ভিডিয়ো ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসছেন সেই ব্যক্তি। দাউ দাউ করে জ্বলা আগুনের ভিতর থেকে অক্ষত অবস্থায় কীভাবে বেরিয়ে আসছেন তিনি, তা দেখে আশপাশের লোকজন রীতিমতো বিস্মিত।
গত বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ১২ জুনের সেই ঘটনায় বিমানযাত্রী, পাইলট, ক্রু মেম্বারদের পাশাপাশি নীচেও বহু মানুষের মৃত্যু হয়েছে। জ্বালানি ভর্তি থাকা ওই বিমানে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ হয়। তাতেই জ্বলে-পুড়ে মৃত্যু হয় যাত্রীদের।
বেশিরভাগ যাত্রীর চেহারাই শনাক্ত করা সম্ভব হয়নি। অথচ সেই আগুনের মধ্যে থেকেও বেঁচে ফিরে এসেছেন বিশ্বাসকুমার রমেশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বিমান ভেঙে প্রবল আগুন জ্বলছে। ভয়ে সেদিকে এগোতে পারছেন না আশপাশের মানুষজন। আর সেই আগুনের ভিতর থেকে সাদা টিশার্ট পরে টলতে টলতে বেরিয়ে আসছেন একজন। এক হাতে ফোন। অন্য হাত নেড়ে কিছু বলার চেষ্টা করছেন। তাঁকে দেখেই সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছেন উপস্থিত লোকজন। দ্রুত তাঁকে তোলা হয় অ্যাম্বুল্যান্সে।
বর্তমানে আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে বিশ্বাসকুমার রমেশের। তাঁর সঙ্গে দেখা করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু তিনি কী ভাবে বাঁচলেন, তা এখনও রহস্যে মোড়া।
