চোকার্স তকমা ঘুচিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু জয় উদযাপনের ভিডিও জুড়ে কেবল আইসিসি প্রেসিডেন্ট জয় শাহেরই ছবি! জনরোষের মাঝে অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে ভিডিয়ো সরিয়ে নিতে বাধ্য হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি। মাত্র ৪৫ সেকেন্ডের ওই ভিডিয়োর সিংহভাগ জুড়েই ছিল শুধু সংস্থার প্রেসিডেন্ট জয় শাহের ভিডিও ক্লিপ। আর তাতেই মাথাচাড়া দেয় বিতর্ক। গোটা ভিডিয়োয় দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়ী তারকাদের কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে ক্ষোভ উগড়ে দেন নেট নাগরিকেরা। সমাজমাধ্যমে সে নিয়ে পোস্ট করেন ‘ফ্যাক্টচেকার’ তথা ‘অল্ট নিউজে’র সহ প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরও। নেটাগরিকদের ক্ষোভ ধামাচাপা দিতে ভিডিয়ো সরিয়ে পরে ফের একই জিনিস আপলোড করে আইসিসি। যা দেখে আরও অবাক নেট দুনিয়া।
ইংল্যান্ডের ‘আইকনিক’ লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথম কোনও আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা। সেই ঐতিহাসিক জয় উদযাপনে মঙ্গলবার সকালে একটি ভিডিয়ো শেয়ার করে আইসিসি। তাতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের অফিসিয়াল এক্স হ্যান্ডেলকে মেনশনও করা হয়। কিন্তু গোটা ভিডিওতে ২৩টি শটের মধ্যে দেখা যায় জয় শাহের একারই ১১টি শট রয়েছে। স্বভাবতই প্রশ্ন ওঠে, এই ভিডিয়ো কি জয় শাহের জন্য তৈরি করা না চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দনবার্তা!
খেলোয়াড়দের পরিশ্রমের কদর না করে আইসিসি জয় শাহের প্রোমোশনে ব্যস্ত বলে অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। এক ইউজার আবার ব্যঙ্গ করে লিখে বসেন, “জয় শাহ কত রান করেছেন?” নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন মহম্মদ জুবেরও। আইসিসি-কে কটাক্ষ করে জুবের বলেন, “মনে হয় জয় শাহ নিজেই এই ভিডিও এডিট করে আইসিসির এক্স হ্যান্ডেলের অ্যাডমিনকে ফরওয়ার্ড করেছেন।” তিনি জানান, নেতিবাচক কমেন্ট এড়াতে প্রথম পোস্টটি ডিলিট করে পরে ফের তা আপলোড করে আইসিসি। এক্স হ্যান্ডেলে জয় শাহের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন জনপ্রিয় কার্টুনশিল্পী সতীশ আচার্য্যও।
