সুদীপ্ত চট্টোপাধ্যায়
কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটের দিন ভুয়ো ভোটার বা বহিরাগতদের আটকাতে করা পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোট শেষ হওয়ার নির্ধারিত সময়ের ঠিক ৪৮ ঘন্টা আগে ভোটের প্রচার বন্ধ করা হয়। অর্থাৎ মঙ্গলবার ঠিক সন্ধে ছ’টা থেকে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাইলেন্স পিরিয়ড শুর। সাইলেন্স পিরিয়ড শুরু থেকে ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত কালীগঞ্জ বিধানসভা এলাকায় কোন বহিরাগত থাকতে পারবেন না। নির্দেশিকা জারি করে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। অর্থাৎ কালীগঞ্জ বিধানসভার ভোটার নন বা কালীগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা নন, এই ধরনের ব্যক্তিরা এই সময়কালের মধ্যে কালীগঞ্জ বিধানসভা এলাকায় ‘বহিরাগত’। আর এই বহিরাগতরা গোটা কালীগঞ্জ জুড়ে যাতে থাকতে না পারে সেজন্য নদিয়া জেলা পুলিশ প্রশাসনকে পাঁচ দফা নির্দেশ দিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্দেশিকা অনুযায়ী কালীগঞ্জ এলাকার সমস্ত ম্যারেজ হল বা কমিউনিটি হলগুলোতে দফায় দফায় পরিদর্শন করতে হবে পুলিশকে। খুঁটিয়ে দেখতে হবে সেখানে কারা কারা রয়েছেন এবং তারা কালীগঞ্জ বিধানসভার ভোটার কিনা। যদি কেউ বহিরাগত হন তাহলে তাদের চিহ্নিত করে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কালীগঞ্জের সমস্ত গেস্ট হাউস এবং ট্যুরিস্ট লজের বোর্ডার তালিকা খতিয়ে দেখা নির্দেশ দেওয়া হয়েছে। কালীগঞ্জ বিধানসভা এলাকার সীমানায় চেকপোস্ট তৈরি করে বাইরে থেকে কালীগঞ্জের দিকে আসা সমস্ত যানবাহন ফুটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর। যদি কোথাও একসঙ্গে অনেক লোকের অবস্থান দেখা যায় তাহলে সেই মানুষগুলোকে চিহ্নিত করে তারা কালীগঞ্জের বাসিন্দা বা ভোটার কিনা তা নিশ্চিত করতে হবে পুলিশকে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ কমিশনের। ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন,১৯৫১ এর ১২৬ ধারা অনুযায়ী এই সাইলেন্স পিরিয়ডে কোনো রাজনৈতিক দল ভোটের প্রচার করতে পারবে না। সেদিকেও পুলিশ ও প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে কড়া পদক্ষেপের কথাও বলা হয়েছে। উল্লেখযোগ্য, মঙ্গলবার সকালে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের নির্যাস অনুযায়ী এ ধরনের কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একই সঙ্গে নতুনভাবে সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী কালীগঞ্জের ভোটারদের ভোটাধিকার রক্ষায় যাতে কোনো রকম ত্রুটি বা অস্বচ্ছতা না থাকে সেই ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
