বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। আর এই সিরিজের প্রাণ তিন চরিত্র রাজু, শ্যাম আর বাবু রাও। তবে সাম্প্রতিক সময়ে শোনা গিয়েছিল, পরেশ রাওয়াল ‘হেরা ফেরি ৩’-এর অংশ থাকছেন না। একথা শুনে ভেঙে পড়েছিলেন ভক্তরা। বাবু রাওয়ের চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় এতটাই জনপ্রিয় যে, অনেকে এই খবরে বিশ্বাসই করতে পারছিলেন না।
বাবু রাওয়ের চরিত্রে পরেশ রাওয়াল না থাকার খবরে স্বাভাবিকভাবেই উত্তেজনা বেড়েছে। এমনকি অক্ষয় কুমার নিজেও চান, পরেশ রাওয়াল ফিরে আসুন। এই টানাপড়েনের জের গড়িয়েছে আদালত পর্যন্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন,“যা কিছু হচ্ছে, সবকিছু সবার সামনেই হচ্ছে। আমি আঙুল ক্রস করে রেখেছি। আশা করছি সব ঠিক হবে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি সব ঠিকঠাকই হবে।”
উল্লেখ্য, হঠাৎ করেই ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়াল সরে দাঁড়ান। তার পর থেকেই শুরু বিতর্ক। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তাঁর জনপ্রিয় চরিত্র বাবু রাও এখন যেন গলায় ফাঁস হয়ে গেছে। তিনি নতুন কিছু করতে চান। একই ধরনের চরিত্রে আর কাজ করতে চান না।
জানা যায়, ছবির কিছু অংশের শুটিং করার পরেই পরেশ সিদ্ধান্ত নেন সিনেমাটি ছেড়ে দেওয়ার। মূলত পারিশ্রমিক ও সৃজনশীল মতভেদের কারণে এই দ্বন্দ্ব। এরপর বিষয়টি সহজে মেটেনি। উল্টে অক্ষয় কুমারের প্রোডাকশন কোম্পানি ‘কেপ অফ গুডসিনেমা’ পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা ঠুকে দেয়।
এর উত্তরে পরেশ রাওয়াল সাইনিং অ্যামাউন্ট সুদ সহ ফিরিয়ে দেন, তাতে আরও তিক্ততা বেড়ে যায়। যদিও ফ্যানরা এখনও সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘হিরো’ বলে সম্বোধন করে ফিরে আসার আবেদন জানাচ্ছেন। তার উত্তরে পরেশ রাওয়াল বলেছিলেন,“আমি হিরো নই”। ভক্তদের অনুরোধে সাড়া দেননি অভিনেতা।
এই বিতর্কের মধ্যেই অক্ষয় ও পরেশ একসঙ্গে ‘ভূত বাংলো’ নামের একটি হরর-কমেডি ছবির শুটিং শেষ করেছেন। কিন্তু ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে আগের মতো আর সম্পর্ক নেই, সম্পর্কে এসেছে তিক্ততা। তবুও ‘হেরা ফেরি’তে আইকনিক এই কমেডি-ত্রয়ীর ফের দেখা পাওয়ার খবর শোনার অপেক্ষায় ভক্তরা।
