ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ানের কটাক্ষ ক্রিকেট দুনিয়ায় বিতর্কের আগুন জ্বেলে দিল। তিনি মনে করিয়ে দিলেন, “এই সিরিজ তো আসল প্রস্তুতি অ্যাশেজের জন্য”—এই মন্তব্য ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে তোলপাড় ফেলে দিয়েছে। তাহলে কি, ভারতের তরুণ দলের বিরুদ্ধে সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না ইংল্যান্ড শিবির?
ক্রিকেট পণ্ডিতদের চোখে এই মনস্তাত্ত্বিক আক্রমণ ইংল্যান্ড শিবিরের পরিকল্পনার অংশ। খেলা শুরুর আগেই প্রতিদ্বন্দ্বীর মনোবলে ধাক্কা দিয়ে চাপ তৈরি করার পুরনো কৌশল। ভারতের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটাররাও বুঝতে পারছেন, এমন মন্তব্যের প্রেক্ষিতে তরুণ তারকারা বাড়তি চাপের মুখে পড়বেন। এ জন্য দলের অভিজ্ঞদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে গোটা দলকে।
আগামী ২০ জুন লিডসে টেস্ট সিরিজের প্রথম বল পড়ার মুহূর্তে মাঠের উত্তাপ থাকবেই। গ্রেম সোয়ানের মন্তব্য সেই উত্তেজনাকে কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। তবে, এটাও ঠিক, ইংল্যান্ডে খেলতে গিয়ে এমন উটকো মন্তব্যের মুখে পড়া ভারতীয় দলের কাছে নতুন নয়। পেশাদার ক্রিকেটাররা জানেন, খেলা হয় ২২ গজে। তাই সোয়ানের এমন আলটপকা মন্তব্য নিয়ে বিশেষ ভাবিত নন গিল, জয়সওয়ালেরা।
