ইংল্যান্ড বনাম ভারতের আসন্ন টেস্ট সিরিজ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। তবে সিরিজ শুরু আগেই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেন। তাঁর মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটারেরা না থাকায় ভারতীয় ব্যাটিং লাইন আপ একরকম ‘অভিভাবকহীন’ হয়ে পড়েছে। এই অভাব ভারতীয় দলকে বিপাকে ফেলতে পারে বলেই মনে করছেন তিনি।
নাসির হুসেন বলেন, “ভারতের ব্যাটিং অর্ডারে এক নতুন যুগ শুরু হচ্ছে। কোহলি ও রোহিত না থাকায় সেই ভারসাম্য আর অভিজ্ঞতার জায়গাটা পুরো বদলে যাচ্ছে। ফলে এটা খুব সহজ সিরিজ হবে না ভারতের জন্য। বরং ইংল্যান্ড যদি নিজের মাটিতে ছন্দে থাকে, তবে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে যেতে পারে।”
তবে একেবারে হতাশার বার্তাও দেননি হুসেন। তিনি আরও যোগ করেন, “ভারতের তরুণ ক্রিকেটাররা প্রতিভায় ভরপুর। শুবমন গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শনের মতো ব্যাটারদের সামনে বড় সুযোগ আছে নিজেদের প্রমাণ করার। এটাই সময় এক নতুন ব্যাটিং ইউনিটকে গড়ে তোলার।”
২০ জুন থেকে লিডসে শুরু প্রথম টেস্ট। এরপর ধারাবাহিকভাবে পাঁচটি ম্যাচ। রোহিত ও কোহলির অভাব কতটা অনুভূত হয়, আর নতুনেরা কতটা সেই শূন্যস্থান পূরণ করতে পারে, সেটাই ঠিক করবে সিরিজের মোড়।
