শত্রু দেশ ইরান পরমাণু বোমা তৈরি করেই ফেলেছে, এমন আশঙ্কা থেকেই তেহরানের উপর হামলা চালিয়েছে ইজরায়েল। অথচ মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী ইরানের পারমাণবিক বোমা বানাতে সময় লাগবে আরও তিন বছর। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন-এর এমন রিপোর্ট প্রকাশ্যে আসতেই নেতানিয়াহুর দেশের এমন হামলা ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যে সিএনএনের হাতে পাওয়া মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান এখনই পারমাণবিক অস্ত্র বানানোর সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে না। বলা হয়েছে অন্তত আরও তিন বছর সময় লাগবে তাদের একটি পারমাণবিক বোমা তৈরি করতে। ওই সংবাদমাধ্যমেই বলা হয়েছে গত মার্চ মাসে মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড কংগ্রেসে বলেন, ইরান বর্তমানে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা তো করছেই না পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই ২০০৩ সালে বন্ধ করে দেওয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করেননি।
তবে মজার বিষয় হল তাঁরই নিয়োগ করা গোয়েন্দা প্রধানের এই রিপোর্ট উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরান পরমাণু বোমার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএর রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে এখন এতটাই সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা থেকে প্রায় ৯টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।
তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রিপোর্ট এড়িয়ে গিয়ে জানিয়েছে যে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করে অস্ত্র তৈরির পথে দ্রুত এগোচ্ছিল। বার বার আমেরিকার সঙ্গে বৈঠক এড়িয়ে যাওয়ায় তেহরানের পরমাণু বোমা তৈরির জুজুই দেখছিল ইজরায়েল। হামাস, হুথি বিদ্রোহীদের সমর্থনে থাকা ইরানকে বড় বিপদ বলেই মনে করে ইহুদিদের এই রাষ্ট্রটি। তাদের দাবি, তেহরান কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানাতে চলেছে। ইজরায়েল মনে করছে, ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, যার ফলে হামলা চালানো অনিবার্য হয়ে উঠেছিল।
তবে বসে থাকে নি আমেরিকাও। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলো সুরক্ষিত রাখতে এবং বন্ধু দেশ ইজরায়েলকে সুরক্ষা দিতে তারা সেনা মোতায়েন বাড়িয়ে দিয়েছে। ইজরায়েলের পাশে থেকেই ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
