আমার-আপনার পরিচিত বিশ্বে রদবদল। ফেসবুকে একাধিক বদল আনতে চলেছে মেটা। বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। কোটি কোটি ইউজার। বিপুল ব্যবহারকারীর কথা মাথায় রেখে ভিডিও বিভাগে একাধিক বদল আনতে চলেছে ফেসবুক। সংস্থা জানিয়েছে, আপলোড হওয়া প্রতিটি ভিডিও এখন প্ল্যাটফর্মে রিল হিসেবেই দেখানো হবে। ছোট ক্লিপ হোক বড় ভিডিও, সবটাই রিল হিসাবেই দেখা যাবে জানিয়েছে ফেসবুক। মেটার তরফে এক পোস্টে জানানো হয়েছে যে, ক্রিয়েটারদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত।
কেন এই বদল?
২০২২ সালেই মেটার আরও একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামের জন্য একই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে ১৫ মিনিটের কম ভিডিও রিল হিসাবেই দেখানো হত। এ বার ফেসবুকেও একই সুবিধা আনতে চলেছে মেটা। সংস্থার দাবি, এক্ষেত্রে ইউজারদের অভিজ্ঞতা দারুণ হবে। একই সঙ্গে এআই টুলের ব্যবহারও বেশি করা হবে বলেও বার্তায় জানানো হয়েছে।
ক্রিয়েটিভ টুলের সংখ্যা বৃদ্ধি
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সমস্ত ভিডিয়ো রিল হিসাবে পোস্ট করা হবে, তাই ‘ক্রিয়েটার’-এর জন্য একাধিক অপশন থাকবে। টুলের সংখ্যা বাড়ানো হবে। যেমন অডিয়ো এডিট, ফিল্টার এবং ভিজ্যুয়াল এফেক্ট যাতে দেওয়া হয় সে ক্ষেত্রে বিশেষ টুল থাকবে। অন স্ক্রিন টেক্সট এবং স্টিকার দেওয়ার অপশন থাকবে। এই আপগ্রেড ক্রিয়েটারের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্যুইচ না করেই রিলসের সম্পূর্ণ টুলকিট অ্যাক্সেস করার অনুমতি দেবে।
অডিও সেটিংস এবং গোপনীয়তা
এই আপডেট রিলস এবং ফিড পোস্ট, দু’টি ক্ষেত্রেই ‘অডিয়েন্স সেটিং’কে ইন্টিগ্রেট করবে। আগে সাধারণ ভিডিও এবং রিলের ক্ষেত্রে আলাদা আলাদা গোপনীয়তার সেটিং ছিল। যদিও মেটার দাবি, প্রাইভেসি পলিসিতে কোনও বদল করা হয়নি।
