ভাঙ্গরের জীবনতলা থানা এলাকার বাসিন্দা জালালউদ্দিন পাইক ১০০ দিনের কাজের টাকার দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতেই শুরু হল প্রাণনাশের হুমকি, শারীরিক আক্রমণ, আর ভয় দেখানোর পালা। তাই প্রাণ বাঁচাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি হবে ৩০ জুলাই।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরের জীবনতলা থানা এলাকায়। অভিযোগ, ফেব্রুয়ারি মাসে ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির প্রতিবাদ করেন জালালউদ্দিন পাইক। এরপর থেকেই তার উপর চড়াও হয় একাংশ। ১৩ জুন তার ওপর হামলা চালানো হয় বলেও দাবি করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করাতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল জালালউদ্দিনের নিরাপত্তা নিশ্চিত করার। তবু সেই নির্দেশ মানা হয়নি। বরং নির্ভয়ে চলেছে হুমকি, হামলা আর মানসিক নির্যাতন।
এই পরিস্থিতিতে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জীবনতলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, জালালউদ্দিনের অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রাণনাশের হুমকি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি পুলিশকে বলা হয়েছে, যাতে এলাকায় কোনও অশান্তি না ঘটে, সে বিষয়ে নজরদারি রাখতে হবে।
আপাতত আদালতের আশ্রয়েই বাঁচার চেষ্টা জালালউদ্দিনের। বিচারব্যবস্থার উপর ভরসা রেখেই তিনি চাইছেন, সত্য প্রকাশ পাক আর যারা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।
