পায়ে হাত, গুঞ্জন চারিদিকে—লিওনেল মেসি কি তবে চোটে পড়লেন? ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন প্রশ্নে উত্তাল হয়ে উঠেছিল ফুটবলমহল। অনুশীলনের ভিডিওতে দেখা যায়, বাঁ-পায়ে হাত দিয়ে কিছুটা অস্বস্তিতে আছেন মেসি। কিন্তু সেই আশঙ্কায় জল ঢেলে দিলেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। সাফ জানিয়ে দিলেন, “লিও পুরোপুরি ফিট, ম্যাচে নামবেন।”
আটলান্টায় পৌঁছনোর পর মাশ্চেরানো বলেন, “ভ্রমণের পথে দেখলাম নানা জায়গায় গুজব ছড়িয়েছে। কিন্তু আমি নিশ্চিত করে বলছি, ও পুরো সেশন করেছে, ফিট এবং খেলবে।” কোচ আরও যোগ করলেন— “অনেক সময় খেলোয়াড়রা স্বভাববশতই শরীরে হাত দেন, সেটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই।”
অন্যদিকে, চোট সারিয়ে স্কোয়াডে ফিরেছেন জর্দি আলবাও। তাঁকে নিয়ে ধোঁয়াশা রাখলেন কোচ— “শুরুর একাদশে থাকবে কি না, তা এখন বলব না। তবে আমি জানি।”
তবে চ্যালেঞ্জ একেবারে ছোট নয়। সামনে ইউরোপের পুরনো অভিজ্ঞ ক্লাব পোর্তো—চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলা শক্তিশালী দল। তাই বল দখলের উপরই ভরসা রাখছেন কোচ মাশ্চেরানো। “আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা বল পায়ে রাখলেই স্বচ্ছন্দ বোধ করে। পোর্তোও সেই ধরনের দল। কাজেই ম্যাচটা হবে পজেশন নিয়েই যুদ্ধ।”
এই পরিস্থিতিতে দলের অভিজ্ঞ মিডফিল্ডার বুস্কেটস জানাচ্ছেন— “ওরা দারুণ দল, প্রতিবছরই স্পোর্টিং বা বেনফিকার সঙ্গে লড়ে। আমাদের ঠান্ডা মাথায় খেলতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে, আর সবচেয়ে বড় কথা—ক্লিন শিট বজায় রাখতে হবে।”
সব মিলিয়ে, ইন্টার মায়ামি বনাম পোর্তো ম্যাচে উত্তেজনা তুঙ্গে। আর এই উত্তেজনার কেন্দ্রে একটাই নাম— লিওনেল মেসি। পায়ে ঝড় তুলে কী তিনি ফের ‘লিও ম্যাজিক’ দেখাবেন? উত্তরের অপেক্ষায় গোটা দুনিয়া।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
