অনন্য নজির সৃষ্টি করে ইতিহাস গড়ল আইপিএল ২০২৫-এর ফাইনাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস-এর মধ্যে চলা হাড্ডাহাড্ডি লড়াই এখন বিশ্বের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দেখা টি-টোয়েন্টি ম্যাচ। সম্প্রচারকারী সংস্থা জিওস্টার-এর তরফে জানানো হয়েছে, আইপিএল-এর ফাইনাল ম্যাচটি টিভি ও ডিজিটাল মাধ্যম মিলিয়ে মোট ৩১.৭ বিলিয়ন মিনিট দেখা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। স্টার স্পোর্টসের মাধ্যমে টেলিভিশনে এই ম্যাচ পৌঁছেছে ১৬৯ মিলিয়ন দর্শকের কাছে। আর টিভি ওয়াচটাইম হয়েছে রেকর্ড ১৫ বিলিয়ন মিনিট।
অন্যদিকে, জিও হটস্টার-এ ডিজিটালি এই ম্যাচটি দেখে নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ডিজিটালে ভিডিয়ো ভিউয়ের সংখ্যা পৌঁছেছে ৮৯২ মিলিয়নে, পিক কনকারেন্ট ভিউয়ার্স ছিল ৫৫ মিলিয়ন এবং ওয়াচটাইম ১৬.৭৪ বিলিয়ন মিনিট। শুধু ফাইনাল নয়, গোটা আইপিএল ২০২৫ মরশুম জুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ভিউ হয়েছে ২৩.১ বিলিয়ন এবং ওয়াচটাইম ছিল ৩৮৪.৬ বিলিয়ন মিনিট, যা গত বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। টিভিতেও এই সিজনে মোট ৪৫৬ বিলিয়ন মিনিট দেখা হয়েছে আইপিএলের বিভিন্ন ম্যাচ। সর্বোচ্চ টিভিআর রেটিং করেছে স্টার স্পোর্টস।
এই সিজনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা আরসিবির প্রথমবার আইপিএল ট্রফি জয়। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিরাট কোহলির দল ৬ রানে জিতে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়। আর এই জয়ের মাধ্যমে অবশেষে বিরাট কোহলির বহু আকাঙ্ক্ষিত ট্রফি জয়ের স্বপ্নও পূরণ হল। এর পাশাপাশি উঠে এল এক নতুন তারকার নাম, মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। এবারের আইপিএলের সিজনে শতরান করে হয়ে উঠলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে কমবয়সি সেঞ্চুরিয়ান।
জিও স্টার-এর সিইও সঞ্জয় গুপ্ত এই অভাবনীয় সাফল্য প্রসঙ্গে জানান, এই অসাধারণ ভিউয়ারশিপ প্রমাণ করে দিয়েছে, দর্শকদের প্রতি তাঁদের দায়বদ্ধতা কতটা। শুধু তাই নয়, এমন একটি বৃহৎ পরিসরের টুর্নামেন্ট হয়েও আরও উন্নতির বিপুল সম্ভাবনা রয়েছে আইপিএলের। তাই বলতে গেলে, এবারের আইপিএল শুধু একটি টুর্নামেন্ট নয়। কোটি কোটি ক্রিকেটপ্রেমীর আবেগ, উৎসব এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল পুরো সিজন। তারই প্রমাণ ভিউয়ারশিপে বিশ্ব রেকর্ড।
