এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার রাজ্য সরকারি সিদ্ধান্ত হোঁচট খেল হাই কোর্টের দরজায়। শুক্রবার সকালে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা রায় দেন, আদালত নির্দেশ না দিলে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। এর ফলে চাকরিহারাদের ভাতা দেওয়ার রাজ্য সরকারি পরিকল্পনা আপাত ভাবে মুখ থুবড়ে পড়ল।
সম্প্রতি এসএসসির ২০১৬ সালের প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। সেই তালিকায় আছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। গত মাসে নবান্ন সিদ্ধান্ত নেয় যে, গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য। মমতা সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা হয়। সেই মামলাতেই শুক্রবার বিচারপতি সিনহা জানিয়ে দিলেন, ২৬ সেপ্টেম্বর বা আদালত পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য। এর পাশাপাশি, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। তার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা।
প্রসঙ্গত, এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা প্রশ্ন তুলেছিলেন, ভাতা হিসেবে যে টাকা দেওয়া হবে, তার অঙ্ক কী ভাবে ঠিক করা হল? সুপ্রিম কোর্টের রায়ের পর কেন তড়িঘড়ি ভাতা দেওয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার? এ বিষয়ে কারও সঙ্গে আলোচনা করা হয়েছিল কি? গত শুক্রবারই এই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল। রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি সিনহা। জানিয়েছিলেন, ২০ তারিখ সকালে রায় জানাবেন। সেই অনুযায়ী শুক্রবার সকালে রায় দিল হাই কোর্ট।
