‘সিতারে জ়মিন পর’ সিনেমা মুক্তিতে নয়া শর্ত সেন্সর বোর্ডের, ডিসক্লেইমারের পর দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উক্তি! এবার এমনই দাবি করল সেন্সর বোর্ড। আমির খানের নতুন ছবি ‘সিতারে জ়মিন পর’ মুক্তির আগে কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড। একটি রিপোর্ট বলছে, ছবির শুরুতে থাকা ডিসক্লেইমারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উক্তি যোগ করার কথা বলা হয়েছে সেন্সর বোর্ডের তরফে। যদিও ছবিটি প্রথমে বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছিল, পরে বোর্ডের পক্ষ থেকে কিছু দৃশ্য ও সংলাপে পরিবর্তন আনার কথা বলা হয়।
প্রথমে ছবিটি সেন্সর বোর্ডের এক্সামিনিং কমিটি দেখে কিছু দৃশ্য এবং শব্দ পরিবর্তনের পরামর্শ দেয়। যদিও তা মানতে রাজি হননি আমির খান। এরপর বিষয়টি রিভাইজিং কমিটির হাতে যায়, যার নেতৃত্বে ছিলেন থিয়েটার ব্যক্তিত্ব ও অধ্যাপক ওমান কেন্দ্র। রিভাইজিং কমিটি ছবিতে আরও কিছু পরিবর্তনের নির্দেশ দেয়, যার মধ্যে ‘মাইকেল জ্যাকসন’ শব্দের পরিবর্তে ‘লাভবার্ডস’, এবং ‘বিজনেস উইমেন’ শব্দের বদলে ‘বিজনেস পারসন’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও একটি দৃশ্য থেকে ‘কমল’ শব্দটি বাদ দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
এই সমস্ত পরিবর্তন করার পর, সেন্সর বোর্ড ‘সিতারে জ়মিন পর’ ছবিকে ‘U/A 13+’ শংসাপত্র দিয়েছে। অর্থাৎ ১৩ বছরের বেশি বয়সীরা অভিভাবকের পরামর্শে ছবিটি দেখতে পারবেন।
উল্লেখ্য, ছবিটি পরিচালনা করেছেন আর.এস. প্রসন্ন। আমির খান ও জেনেলিয়া দেশমুখ অভিনীত এই ছবি ২০০৭ সালের জনপ্রিয় ছবি তারে জ়মিন পর-এর ভাবধারাকে সামনে রেখে নির্মিত হয়েছে। ২০ জুন শুক্রবার দেশজুড়ে এই ছবির মুক্তি নির্ধারিত ছিল। কিন্তু ছবিটি এখনও মুক্তি না পেলেও, ইতিমধ্যেই প্রায় ১.০৩ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। দেশের বিভিন্ন হলে ছবির প্রথম দিনের জন্য ৩৯,০০০-এর বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ট্রেড অ্যানালিটিক সংস্থা স্যাকনিলক।
