মুম্বইয়ে শাহরুখ খানের বাড়িতে বেআইনি কাজকর্মের অভিযোগ। বলিউড বাদশার বাসভবনে পুরসভার হানা। মন্নতে ঢুকে তদন্ত করে এলেন বন দফতরের কর্মীরাও। শাহরুখের মন্নত-এ চলছে সংস্কারের কাজ। আর সেখানেই অবৈধ নির্মাণকাজের অভিযোগ তুলে কর্পোরশনে অভিযোগ দায়ের করেন এক সমাজকর্মী। অভিযোগের ভিত্তিতে শনিবার নড়েচড়ে বসে প্রশাসন। মন্নতে যৌথ পরিদর্শনে যায় বৃহণ্মুম্বই কর্পোরেশন ও বন দফতরের দল।
কোস্টাল রেগুলেশন জোন অর্থাৎ উপকূলে অবস্থিত বাড়িগুলির ক্ষেত্রে বেশকিছু নিয়ম থাকে। শাহরুখের বাড়িতে ওই নিয়ম মানা হয়নি বলে দাবি সমাজকর্মীর। বন দফতরের অনুরোধে কাজকর্ম খতিয়ে দেখতে যান কর্পোরেশনের কর্মীরা। যৌখ পরিদর্শনে গিয়ে সংস্কার কাজের খুঁটিনাটি তারা খতিয়ে দেখেন। সেসময় উপস্থিত ছিল শাহরুখ খানের টিমও। সূত্রের খবর, সংস্কার কাজের আগে যাবতীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছে বলেই জানায় শাহরুখের টিম। তবে আরও কিছু নথির প্রয়োজন হলে তারা তাও দিতে প্রস্তুত বলে আধিকারিকদের জানানো হয়।
তবে শাহরুখের বাড়িতে পরিদর্শন সেরে সেসম্পর্কে বিস্তারিত রিপোর্ট তৈরি করবে বন দফতর। মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রের দিকে মুখ করে রয়েছে শাহরুখ গৌরীর সাধের মন্নত। গ্রেড থ্রি হেরিটেজের আওতায় পড়ে আইকনিক এই ভবন। ফলে ওই ভবনের প্রত্নতাত্ত্বিক কোনও সংস্কার করতে গেলে প্রশাসনের অনুমতি নিতে হবে। সমুদ্র তীরে অবস্থানের কারণে পরিবেশ দফতরেরও অনুমতি প্রয়োজন। অভিযোগকারী সমাজকর্মীর দাবি, মন্নতে সংস্কার কাজে সেসব নিয়ম মানা হয়নি।
তারকার বাড়ি দেখতে ভক্তদেরও সমাগম হয় প্রত্যহ। কারণ এই মন্নতেই স্ত্রী গৌরী খান ও তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামকে নিয়ে থাকেন শাহরুখ। অভিনেতার জন্মদিন তো বটেই, উৎসবের দিনগুলিতেও মন্নতের বাইরে ভিড় জমান পর্যটকরা।
