মাত্র ৭০০ টাকায় বিমান চড়ার সুবিধা! বিপ্লব ঘটতে চলেছে আকাশযাত্রায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আর তা হতে চলেছে মার্কিন সংস্থা বিটা টেকনোলজির হাত ধরে। সম্পূর্ণ ইলেকট্রিক শক্তি চালিত বিমান Alia CX300 তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে এই সংস্থা। শুধু তাই নয়, চারজন যাত্রীকে নিয়ে ১৩০ কিমি আকাশপথ পাড়ি দিয়েছে এই বিমান। আর এজন্য খরচ পড়েছে মাত্র ৮ ডলার। ভারতীয় মুদ্রায় যা কিনা মাত্র ৭০০ টাকা। অনেক ক্ষেত্রে গাড়ি কিংবা ট্রেনে এই পথ পাড়ি দিতে এর থেকে বেশি খরচ হয়ে যায়। প্রকাশিত খবর অনুযায়ী, এই বিমান ইস্ট হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর পর্যন্ত যায়। সময় লাগে মাত্র ৩০ মিনিট।
এই বিমানের বিশেষত্ব কী?
বিকল্প শক্তির পথে হাঁটছে গোটা বিশ্ব। ইলেকট্রিক ভেইক্যাল নিয়ে বর্তমানে কাজ করছে বহু বড় সংস্থা। তা সে গাড়ি হোক কিংবা টু-হুইলার। সেই তালিকায় নবতম সংযোজন Alia CX300 বিমানটি। আর তা করে দেখিয়েছে বিটা টেকনোলজি। ২০১৭ সাল থেকে এই সংস্থা ইলেকট্রিক অ্যাভিয়েশন নিয়ে কাজ করছে। সম্প্রতি এই সংস্থা ২,৬৫০ কোটি টাকা (৩১৮ মিলিয়ন ডলার) র বিনিয়োগ পায়। আর এরপরেই অসাধ্য সাধন করে ফেলেছে বিটা টেকনোলজি।
CX300 বিমানটিতে সাধারণ টেক-অফ এবং ল্যান্ডিং অপশন আছে। একবার চার্জ করলে এই বিমান ৪৬৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে দাবি সংস্থার। মনে করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে আমেরিকার FAA (Federal Aviation Administration) এর সবুজ সঙ্কেত মিলতে পারে।
মাত্র ৭০০ টাকায় আকাশ ভ্রমণ
এই বিমানে আকাশ ভ্রমণে খরচ হবে মাত্র ৭০০ টাকা। তাও আবার কিনা ১৩০ কিমি। হেলিকপ্টার এই পথ অতিক্রম করতে খরচ পড়বে ১৩ হাজার টাকা। এক্ষেত্রে ১০০০ টাকারও কমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা। সংস্থার দাবি, এই বিমানে যাত্রা হবে আরামদায়ক এবং নিরাপদ। ইঞ্জিনের কোনও শব্দ কানে যাবে না। কম্পন প্রায় নেই বললেই চলে। এমনকী সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলেও দাবি সংস্থার।
চমক রয়েছে আরও
বিটা টেকনোলজি, মার্কিন এই সংস্থা Alia 250 eVTOL নামে আরও একটি ফ্লাইং মেশিন নিয়ে কাজ করছে বলে দাবি সংবাদমাধ্যমের। যা কিনা ভার্টিকাল ভাবে টেকঅফ এবং ল্যান্ডিং করতে সক্ষম হবে।
