দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করে খবরের শিরোনামে এসেছিলেন এক সময়। এ বার অভিনয়ের বাইরের জীবন নিয়ে ফের চর্চায় উঠে এলেন বলি অভিনেতা বিবেক ওবেরয়। বলিউডের ‘সাথিয়া’-খ্যাত অভিনেতা এখন আর শুধু রূপোলি পর্দার নায়ক নন, বরং দুবাই-নিবাসী এক সফল ব্যবসায়ী। তাঁর রিয়েল এস্টেট সাম্রাজ্যের মূল্য ছুঁয়েছে প্রায় ১২০০ কোটি টাকা!
সম্প্রতি দুবাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন, কোভিডের সময় অস্থায়ী ভাবে পরিবার নিয়ে চলে এসেছিলেন দুবাই। সেই ‘অস্থায়ী’ সিদ্ধান্তই আজ স্থায়ী ঠিকানা। তিনি বলেন,”আমি কোভিডের সময় এসেছিলাম। কথা ছিল, কয়েকটা দিন থাকব। কিন্তু জায়গাটা এতই ভাল লেগে যায় যে, পরিবার নিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। এখন তো মনে হয়, এটাই আমাদের আসল বাড়ি!”
ভারতের রাজনীতির শক্তিশালী চরিত্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে তিনি ভারতের নাগরিকই নন। বরং আরব আমিরশাহির আর্থ-সামাজিক পরিবেশ ও ব্যবসাবান্ধব সংস্কৃতিকেই নিজের ‘হোম গ্রাউন্ড’ বলে মনে করছেন বিবেক। তিনি আরও জানান,”এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন, নিরাপদ। শুধু নিয়ম মেনে চললেই কোনও সমস্যা নেই। ব্যবসা করার জন্য আদর্শ জায়গা।”
প্রখ্যাত অভিনেতা সুরেশ ওবেরয়ের পুত্র বিবেক কেরিয়ার শুরু করেছিলেন ‘কোম্পানি’ দিয়ে। পরে ‘যুবা’, ‘ওমকারা’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-র মতো ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন বিবেক। তবে তিনি জানান, ব্যবসার প্রতি টান তাঁর বহু বহুদিনের। একসময় কিশোর বয়সেই বিনিয়োগ করে কোটিপতি হয়েছিলেন তিনি। বর্তমানে ‘বিএনডাব্লিউ ডেভেলপমেন্টস’ নামের একটি বিলাসবহুল রিয়েল এস্টেট সংস্থার প্রধান বিবেক। তাঁর সংস্থার বর্তমান সম্পদ মূল্য ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ হাজার কোটি টাকা!
দেশের প্রধানমন্ত্রী মোদীর জীবনচিত্রে অভিনয় করলেও বাস্তবে বিবেক এখন বসবাস করছেন আরবের মরুশহরে। তাঁর মতে, ‘দুবাই এতটাই কাছে যে প্রতি সপ্তাহে বা ছুটিতে সহজেই দেশে যাওয়া যায়। এখন এটাকেই নিজের ঘর মনে হয়।’
