মালয়ালম ছবি ‘জানকী ভার্সেস স্টেট অফ কেরালা’ নিয়ে শুরু জোর বিতর্ক। এই ছবি মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেন্সর বোর্ড। ‘জানকী ভার্সেস স্টেট অফ কেরালা’ ছবিতে অভিনয় করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী এবং অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। ২৭ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছাড়পত্র না দেওয়ায় ছবি মুক্তি স্থগিত হয়ে যায়।
ছবিটির মুক্তির পথে মূল বাধা হল এর নাম! ‘জানকী’ নামটি হিন্দু পুরাণ অনুযায়ী মাতা সীতার অপর একটি নাম। বোর্ডের তরফে জানানো হয়েছে, একজন ধর্ষণ ও নিপীড়নের শিকার নারীর চরিত্রে দেবী সীতার নাম ব্যবহার করা মর্যাদাহানি এবং অগ্রহণযোগ্য। সেই কারণে ছবির নাম ও চরিত্র নিয়ে আপত্তি জানিয়ে সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি।ছবিটির পরিচালক প্রবীণ নারায়ণন বিষয়টি নিশ্চিত করে জানান, সেন্সর বোর্ডের সিদ্ধান্তের কারণে ছবিটি আর নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না।
‘জানকী ভার্সেস স্টেট অফ কেরালা’ আদলে একটি কোর্টরুম ড্রামা। সিনেমায় একজন নির্যাতিতা মহিলা রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি লড়াই করেন। পরিচালক ও নির্মাতাদের মতে, এই ছবির মাধ্যমে একজন নারীর সাহস ও ন্যায়ের জন্য লড়াইকে তুলে ধরা হয়েছে। সেন্সর বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলেছেন কেরালার ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ কেরালা-র সাধারণ সম্পাদক বি উন্নিকৃষ্ণন বলেন, “বোর্ডের এই সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক। শুধুমাত্র ‘জানকী’ নাম আছে বলেই ছবিকে আটকে দেওয়া হল। এটা নিছক ধর্মীয় আবেগকে ব্যবহার করে সৃজনশীলতা দমন করার চেষ্টা।” তিনি আরও জানান, প্রয়োজনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামবে তাঁদের সংগঠন।
