কলকাতার হাইকোর্টে চলা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সত্ত্বেও রাজ্যের কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অভিযোগ উঠল উচ্চশিক্ষা দফতরের বিরুদ্ধে। এই বিষয়ে নতুন করে শুনানির দিন ধার্য করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার দুপুর দুটোর সময়।
গত ১৭ জুন কলকাতা হাইকোর্ট রাজ্যে ২০১০ সালের পরে ঘোষিত সমস্ত ওবিসি তালিকাকে নিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। এরপরও অভিযোগ, ১৮ জুন থেকেই রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতর কলেজে ভর্তির জন্য ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরির আবেদনপত্র চাওয়া শুরু করে। ইতিমধ্যেই প্রায় ৭১ হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। আগামী ১ জুলাই প্রকাশিত হবে চূড়ান্ত মেধা তালিকা।
এই পরিস্থিতিকে আদালত অবমাননার শামিল বলে দাবি করলেন মামলাকারীর আইনজীবী। তিনি জানান, আদালতের নির্দেশ না মেনে সরকার ভর্তির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলাকারীর তরফে আবেদন করা হয় দ্রুত শুনানির জন্য, যাতে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়।
