পাঞ্জাবি সুপারস্টার গায়ক দিলজিৎ দোসাঞ্জের নতুন ছবি ‘সর্দার জি ৩’ নিয়ে চিতম বিতর্ক! সিনেমা বন্ধের হুমকিতেই থামল না সিনে সংস্থা। ভারতজুড়ে কাজ বন্ধের হুমকি জুটল পাঞ্জাবি সুপারস্টার গায়ক দিলজিৎ দোসাঞ্জের কপালে! নেপথ্যে কারণ একটাই, এই ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করেছেন তিনি। আর তার পর থেকে ভারতের একাধিক সিনেমা সংস্থা দিলজিৎকে পুরোপুরি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
দিলজিৎ নিজে এই ছবির প্রযোজকও। ২২ জুন তিনি ছবির ট্রেলার প্রকাশ করেন, যেখানে হানিয়া আমিরকেও দেখা যায়। যদিও ছবিটি শুধু বিদেশে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। তবুও ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার প্রেক্ষিতে অনেকেই দিলজিতের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। বিশেষ করে এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং মে-র ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই ধরনের সিদ্ধান্তকে অনেকে দেশবিরোধী বলেই তোপ দেগেছেন।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ী-এর প্রেসিডেন্ট বি.এন. তিওয়ারি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “এই ছবির কারণে দিলজিৎ দোসাঞ্জের বিরুদ্ধে পূর্ণ সহযোগিতা প্রত্যাহার করা হবে। যদি এই ছবি মুক্তি পায়, তাহলে দিলজিৎকে ভারতে কোনও ছবি বা কনসার্টে কাজ করতে দেওয়া হবে না। আমরা নিশ্চিত করব, ওনার আর যাতে ভারতে কোনও কাজ না থাকে।”
একইসঙ্গে দিলজিৎকে সম্পূর্ণ বয়কট করার কথা জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাঁরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছে, “ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দিলজিৎ দোসাঞ্জকে পুরোপুরি বয়কট করা হল। আমরা সমস্ত প্রযোজক, মিউজিক কোম্পানি, ইভেন্ট অর্গানাইজার ও ফিল্ম কর্মীদের অনুরোধ করছি, দয়া করে দিলজিতের সঙ্গে কোনও পেশাদার সম্পর্ক রাখবেন না।” তারা আরও জানিয়েছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে চিঠি পাঠানো হয়েছে, যাতে ছবির সেন্সর সার্টিফিকেট আটকানো যায়।
এটাই প্রথম নয়, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ী এর আগেও পাকিস্তানি অভিনেতাদের ছবি নিয়ে কড়া অবস্থান নিয়েছে। সম্প্রতি ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ ছবির মুক্তিও একইভাবে বন্ধ করা হয়েছিল।
