কদিন আগেই ইরানের তিন পরমাণু কেন্দ্রে বিশাল হামলা চালিয়ে পশ্চিম এশিয়ার পাশাপাশি গোটা বিশ্বের শান্তি পরিস্থিতিকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবার ইজরায়েল ও ইরানের তরফে কোনো ঘোষণা আসার আগেই যুদ্ধবিরতির ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, “যদি সবকিছু ঠিকঠাক চলে, এবং আমি নিশ্চিত সেটাই হবে, তবে আমি ইজরায়েল ও ইরান—এই দুই দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধি প্রদর্শনের জন্য অভিনন্দন জানাই।” তিনি আরও লেখেন যে এই যুদ্ধের নাম হওয়া উচিত ‘১২ দিনের যুদ্ধ”।
তবে ক্রমেই কী নিজেকে পৃথিবীতে যুদ্ধ থামানোর একমাত্র ত্রাতা বলে মনে করছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এলে এক দিনের মধ্যেই রাশিয়া -ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব এমন কথা প্রচারে নেমেই বলেছিলেন তিনি। তবে সিংহাসনে বসে নানাভাবে চেষ্টা করলেও এখনও থামানো যায়নি ইউক্রেন যুদ্ধ। সম্প্রতি ভারত-পাকিস্তান ইস্যুতেও সংঘর্ষবিরতির ঢাক আগেভাগে বাজিয়ে দিয়েছিলেন তিনি। দিল্লি বারবার ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ থামানোর বিষয়টিকে কড়া বার্তায় অস্বীকার করলেও গদগদ চিত্তে মার্কিন প্রেসিডেন্টের ভজনায় মেতেছে ইসলামাবাদ। ভারত-পাকিস্তানের সংঘর্ষ মিটমাট করানোর কৃতিত্ব ট্রাম্পকে দিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করেছে পাকিস্তান। এবার যুদ্ধের আসরে নেমে ইজরায়েল ও ইরানের যুদ্ধবিরতির কথা আগাম ঘোষণা করে দিয়েও বাহবা পেতে চাইছেন ট্রাম্প।
মার্কিন প্রসিডেন্ট যখন এই ঘোষণা করছেন তখনও ইজরায়েল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরানের পক্ষ থেকে এক উচ্চপদস্থ কর্মকর্তা, তেহরান সম্মত হয়েছে এমনটা জানালেও ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইজরায়েল তাদের আক্রমণ বন্ধ না করা পর্যন্ত যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না।
হোয়াইট হাউসের এক কর্তা সংবাদমাধ্যমকে জানান, ট্রাম্প ফোনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলায় ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে শর্ত ছিল, ইরান যেন আর কোনো হামলা না করে। অন্যদিকে ইরান মঙ্গলবার ভোরে জানায়, ইজরায়েল যদি মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে তাদের ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তবে ইরানের আর প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন থাকবে না।
তবে সংঘর্ষবিরতি নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় পোস্টে তিনি সরাসরি জানিয়ে দেন, “যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হচ্ছে। দয়া করে লঙ্ঘন করবেন না।” তবে এই লেখা সম্পাদকের দফতরে যাওয়া পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ইরান কিংবা ইজরায়েল। নিজে থেকেই ইজরায়েলের পাশে দাড়িয়ে ইরানের উপর বোমা হামলা করা এবং ফের সংঘর্ষবিরতির হুঁশিয়ারি দেওয়া- ডোনাল্ড ট্রাম্পের এই দাদাগিরিতেই উঠছে নানা প্রশ্ন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
