অবেশেষে হিরের দেখা পেলেন পান্না জেলার সাকরিয়া গ্রামের এক দরিদ্র মহিলা। দীর্ঘ দুই বছর ধরে পরিশ্রম করার পর সম্প্রতি তিনি একটি ২.৬৯ ক্যারেট ওজনের হিরে খুঁজে পেলেন। পান্না জেলার চোপড়া মাইন এলাকায় তাঁর লিজ নেওয়া একটি বেসরকারি খনিতে এই হিরে খুঁজে পান তিনি। তবে, স্থানীয় খনির নিয়ম অনুযায়ী, নিজের খুঁজে পাওয়া হিরেটি সোমবার জেলার খনিবিভাগের অফিসে জমা দিয়েছেন ওই মহিলা। এবার সরকারি নিয়ম অনুযায়ী নিলামে তোলা হবে সেই হিরে।
জেলা হিরে পরীক্ষক অনুপম সিং জানান, “হিরে নিলামে তোলা হবে এবং বিক্রয়মূল্য থেকে রাজস্ব ও কর বাদ দিয়ে বাকি পুরো অর্থ ওই মহিলাকেই দেওয়া হবে।” স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওই মহিলা আবেগে ভেসে বলেন, “গত দুই বছর ধরে আমি হাড়ভাঙা খাটুনি খেটেছি। এতদিনে পেলাম। খুব ভালো লাগছে। ঈশ্বর আমার কথা শুনেছেন।”
প্রসঙ্গত, ওই মহিলা মাসখানেক আগে সাকরিয়া গ্রামে নিজেই একটি খনি লিজ নিয়ে কাজ শুরু করেন। আর সেখানেই মিলল এই মহামূল্যবান হিরে। এখন সবার চোখ হিরে নিলামের দিকে। কত দামে বিক্রি হয় সেই হিরে। শেষমেশ কত টাকা হাতে পান ওই মহিলা, সেটাও এখন দেখার বিষয়। তবে যেভাবেই হোক, এই হিরে ওই মহিলার জীবনে এক নতুন দিগন্তের সূচনা করল বলাই চলে।
