/সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী ২৭ জুন শুক্রবার রথযাত্রা। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে এবার রথযাত্রা উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বৃহস্পতিবার রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে এই বৈঠক হবে দিঘায়। রাজ্য প্রশাসনের কর্তারা ছাড়াও পুর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। রথযাত্রা উপলক্ষে প্রশাসনিক আধিকারিকসহ মন্ত্রীদেরও বেশ কিছু বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বিশেষ প্রশাসনিক বৈঠকে তাদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জগন্নাথ দেবের রথের রশি যাতে সবাই স্পর্শ করতে পারে তার নিশ্চিত করার ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার বন্দোবস্ত কীভাবে হবে, কত ফোর্স মোতায়েন করতে হবে এবং বাহিনী মোতায়েনের বিন্যাস কী হবে তা নিয়েই বৈঠকে বিশদে আলোচনা করা হবে। কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে বলেও নির্দেশ মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের পরিচালনা এবং মন্দিরের কাজকর্ম ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও ইস্কন কর্তৃপক্ষ ও মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী।
