ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘর্ষ থামায়নি ইরান ও ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্টকে কার্যত মিথ্যে প্রমাণ করেছে দুই দেশ। লাইভ সম্প্রচারে সে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ট্রাম্প। চার অক্ষরের কুশব্দও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। আর সে নিয়েই তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়। প্রবল বিতর্কের মাঝেই এবার আপত্তিকর ভাষা প্রয়োগ নিয়ে ব্যাখ্যাও দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান ও ইজরায়েলকে অবাধ্য সন্তানদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প। বললেন, সন্তানেরা অবাধ্য হলে তাদের কড়া ভাষা দিয়েই সঠিক পথে ফেরানো উচিত। ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “মঙ্গলবার যুদ্ধবিরতিতে সায় দেওয়ার পরে যুদ্ধ থামানো উচিত ছিল। কিন্তু তারপরেও বড়সড় যুদ্ধ করেছে তারা। স্কুলে যেমন বাচ্চারা ঝগড়া মারপিট করে, ওরাও সেরকম পর্যায়ে গিয়ে লড়াই করছে। ওদেরকে থামানোই যাচ্ছে না। তার থেকে ভালো ২-৩ মিনিট আরও লড়াই করতে দেওয়া হোক। তারপর থামানো সহজতর হবে।”
এরপরই ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রাটি বলেন, “সন্তানেরা মারপিট করলে তাহলে বাবাদের মাঝেমধ্যে কড়া ভাষা প্রয়োগ করতে হয়।” আত্মবিশ্বাসের সঙ্গেই ট্রাম্প বলেন, “কালেভদ্রে কড়া ভাষা প্রয়োগ করতেই হয়।”
ঠিক কী বলেছিলেন ট্রাম্প?
মঙ্গলবার কাকভোরে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও একে অপরকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান ও ইজরায়েল। লাইভ টিভিতে ট্রাম্প রেগে গিয়ে দুই দেশের বিরুদ্ধে ইংরেজিতে কটূ শব্দ প্রয়োগ করে ফেলেন। আন্তর্জাতিক মহলে সেই শব্দ নিয়ে প্রবল চর্চা হলেও নিজ অবস্থানেই অনড় রইলেন ট্রাম্প।
