ভরণপোষণের জন্য নাকি নাগা চৈতন্যর থেকে ২০০ কোটি টাকা নিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু? বিগত চার বছরে বহু গুঞ্জন ছড়িয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামন্থা রুথ প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্যর বিবাহবিচ্ছেদ ঘিরে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়, সামন্থা নাকি এই বিচ্ছেদের পর ভরণ পোষণের জন্য ভাতা হিসেবে পেয়েছিলেন ২০০ কোটি টাকা! কিন্তু এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিলেন অভিনেত্রী এবং তাঁর ঘনিষ্ঠ সূত্র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, “আমরা নিজেদের কারণে, সম্মানের সঙ্গে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। আমরা দুজনেই আলাদা পথে এগিয়ে চলেছি।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হয়েছিল এবং তাই কোনো আর্থিক লেনদেনের প্রশ্নই ওঠেনি। অন্যদিকে, জনপ্রিয় টক শো ‘কফি উইথ করন’-এ সামন্থা রুথ প্রভু হাস্যরসের ছলে বলেন, “আমি তো ২০০ কোটি টাকার ভরণপোষণের ভাতা পেয়েছি! আমি তো প্রতিদিন আয়কর দফতরের লোকদের জন্য অপেক্ষা করি, যদি এসে কিছু খোঁজ নেয়। আগে সবাই বলছিল, আমি ভরণপোষণের ভাতা নিয়েছি, পরে শুনছি বিয়ের আগেই সম্পত্তি ভাগ নিয়ে চুক্তি হয়েছে, তাই আমি কিছু চাইতে পারিনি।” এরপর তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, “আমি কারও কাছ থেকে এক টাকাও নিইনি।”
একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, “যখন দু’জন পরস্পরের সম্মতিতে সম্মান বজায় রেখে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন আর্থিক লেনদেনের কোনো প্রয়োজন পড়ে না। এই বিচ্ছেদের মূল কথা ছিল, পরস্পরের জন্য শুভকামনা জানিয়ে সামনে এগিয়ে যাওয়া।” বিচ্ছেদের পর নাগা চৈতন্য ও সামন্থা দুজনেই নিজেদের মতো করে জীবন ও কেরিয়ারে এগিয়ে গেছেন। নাগা চৈতন্যর নতুন সম্পর্ক এবং পরে তাঁর বিবাহের খবর ইতিমধ্যে জানেন সকলেই। অপরদিকে, নিজের অভিনয়জীবনে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন সামন্থা।
